গরমকাল আসার সঙ্গে সঙ্গে অনেকের মাথার ত্বকে (স্ক্যাল্প) নানা ধরনের সমস্যা দেখা দেয়। মাথা চুলকানো, চুল দ্রুত তেলতেলে হয়ে যাওয়া, অতিরিক্ত খুশকি কিংবা ছোট ছোট ফুসকুড়ি হওয়া এই সময়ের খুব সাধারণ সমস্যা।
চিকিৎসকদের মতে, গরমে অতিরিক্ত ঘাম ও বাতাসের আর্দ্রতার কারণে এই সমস্যাগুলো বাড়ে। মাথার ত্বকে ঘাম, ধুলাবালি ও তেল জমে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মানোর পরিবেশ তৈরি হয়। তাই এই সময়ে চুলের পাশাপাশি মাথার ত্বকেরও আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই গরমেও স্ক্যাল্প পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।
চলুন, জেনে নিই।
গরমে মাথা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। যেহেতু এই সময়ে ঘাম বেশি হয়, তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার শ্যাম্পু করা উচিত। এতে স্ক্যাল্পে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়।
তবে চুলের ক্ষতি এড়াতে কড়া শ্যাম্পুর বদলে মাইল্ড বা হালকা শ্যাম্পু ব্যবহার করা ভালো। যাদের মাথা বেশি তেলতেলে হয়, তারা অয়েল কন্ট্রোল বা অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু বেছে নিতে পারেন। এ ছাড়া গরমে চুলে অতিরিক্ত তেল, জেল বা হেয়ার ওয়্যাক্স ব্যবহার না করাই ভালো। এই পণ্যগুলো মাথার ত্বকে ধুলো ও ঘাম আটকে রাখে, ফলে স্ক্যাল্প আরো আঠালো ও অপরিষ্কার হয়ে যায়।
ভেজা চুল বাঁধবেন না এবং রোদ থেকে বাঁচুন
বাইরে থেকে ঘেমে এসে বা চুল ধোয়ার পর ভেজা অবস্থায় চুল শক্ত করে বেঁধে রাখা একদম উচিত নয়।
এতে মাথার ত্বকে বাতাস ঢুকতে পারে না, যার ফলে চুলকানি, দুর্গন্ধ ও ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়ে। তাই চুল ঘেমে গেলে বা ভিজলে প্রথমে তা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পাশাপাশি কড়া রোদ থেকেও মাথার ত্বককে রক্ষা করতে হবে। দীর্ঘক্ষণ রোদে থাকলে স্ক্যাল্পে জ্বালাপোড়া ও চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই বাইরে বের হওয়ার সময় ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করুন।
খাবারদাবারে পরিবর্তন
আমাদের খাদ্যাভ্যাসের ওপরও ত্বকের সুস্থতা নির্ভর করে। গরমে বেশি তেল-মসলাযুক্ত খাবার খেলে শরীরে তেলের উৎপাদন বেড়ে যায়, যা স্ক্যাল্পকে আরো তেলতেলে করে তোলে। তাই এই সময়ে শরীর ঠাণ্ডা রাখতে প্রচুর পরিমাণে পানি, তাজা ফলমূল ও হালকা খাবার খাওয়া উচিত।
জরুরি পরামর্শ
সাধারণ কিছু নিয়ম মানার পরেও যদি মাথার চুলকানি না কমে, খুশকি বাড়তে থাকে কিংবা স্ক্যাল্পে লালচে দাগ ও ফুসকুড়ি দেখা দেয়, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এটি সাধারণ কোনো সমস্যা না হয়ে ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কোনো ত্বকের রোগও হতে পারে।
Publisher & Editor