ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে সুখেই দিন কাটছে তার।
তবে পেশাগত জীবনে সিনেমার সাফল্য-ব্যর্থতা তাকে কতটা মানসিকভাবে প্রভাবিত করে, তা নিয়ে এবার খোলাখুলি কথা বলেছেন এই অভিনেতা। তার মতে, সিনেমা ফ্লপ হওয়াটা সন্তান হারানোর মতোই বেদনাদায়ক। একটা সময় ছিল যখন আমির খানের সিনেমা মানেই ছিল সুপারহিট। তবে সময় বদলেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে আমিরের ছেলে জুনেইদ খানের সিনেমা ‘এক দিন’। এই ছবিতে জুনেইদের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সাই পল্লবীর অভিনয়ের প্রশংসা করলেও, বক্স অফিসে জুনেইদের এই সিনেমাটি একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। ছেলের ক্যারিয়ারের শুরুতেই এমন ব্যর্থতায় স্বাভাবিকভাবেই মন ভেঙেছে আমিরের।
তিনি আশা করেছিলেন, সিনেমাটি দর্শক মহলে ভালো সাড়া পাবে। একটি সাক্ষাৎকারে নিজের মানসিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আমির খান বলেন, ‘যখন কোনো সিনেমা ফ্লপ হয়, তখন আমার মন ভেঙে যায়। আমরা তো দিনের শেষে দর্শকের জন্যই সিনেমা বানাই। সিনেমা না চললে সেই কষ্টটা আমার কাছে সন্তান হারানোর মতো মনে হয়।’ আমির মনে করেন, এই ধরনের ব্যর্থতায় মনে কষ্ট চেপে না রেখে কেঁদে ফেলা ভালো, যাতে মনের ভেতরের কষ্টটা হালকা হয়ে যায়।
তিনি জানান, সিনেমা সফল না হলে তিনি রীতিমতো ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভুগতে থাকেন। আমির খানের মতে, মাঝেমধ্যে সিনেমার শুটিং চলাকালীন বা প্রথম এডিটিং (ফার্স্ট কাট) দেখার সময়ই আঁচ করা যায় যে সিনেমাটি সফল হবে কি না। তবে তার ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা খুব কমই হয়েছে। আমির জানান, প্রথম দৃশ্য দেখার পর যদি তার পছন্দ না হয়, তবে তিনি নিজেকে বোকা না ভেবে নতুন করে চিন্তাভাবনা শুরু করেন এবং খামতিগুলো দূর করার চেষ্টা করেন।
সূত্র : এই সময়
Publisher & Editor