বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঘাসফড়িং ও প্যাঁচার গল্প

প্রকাশিত: ০২:৪৭, ২১ মে ২০২৬ |

প্যাঁচার ঘুম তো দিনের বেলা, রাতের বেলায় নয়

তোমরা সবাই এই কথাটি জানো তো নিশ্চয়।

একদিন এক দিন ফুরোনো সন্ধ্যাবেলা

যখন ফুরায় চারদিকেতে আলোর খেলা,

সেই ঘটনাই বলছি বাছা, সবিস্তারে শোনো

আজগুবি তা কাহিনি বা গল্পও নয় কোনো।


গাছ-খোঁড়লে জিরিয়ে নেওয়ার চলছে আয়োজন

হঠাৎ বিকট শব্দ কিসের? উঠছে কেঁপে বন।

শান্ত ছিল বন-বনানী, কোত্থেকে কী হলো

উটকো যত ঝুটঝামেলা সহ্য কি হয় বলো?
 

থুড়থুড়ে এক বৃদ্ধ প্যাঁচা খোঁড়ল মাঝে থাকে

শিকার করতে আজকাল আর যায় না দেখা তাকে।

বয়স বেশি সেই কারণে ঝাপসা দেখে চোখে

দিনরাত্তির ঝিমোয় শুধু, দেখছে না তা লোকে।

দুষ্টু পাজি ঘাসফড়িংয়ের গানের কী চিৎকার

কানের কাছে ঘ্যানর ঘ্যানর যায় না সওয়া আর।


আচমকা এই গোলমেলে সুর, বিশ্রামটাই গেল

আক্কেল কম ঘাসফড়িংয়ের, কী মজা সে পেল?

প্যাঁচা বলছে থাম না বাপু জিরিয়ে নিতে দে

অকারণেই চেঁচিয়ে পাড়া মাথায় তুলিস নে।

কেমন স্বভাব কী আচরণ কেমন ধারা রীতি

চিল্লিয়ে সব করছ মাটি এটা কেমন নীতি?

ক্যান ঝামেলা পাকাচ্ছ হে, যাও না দূরে সরে

একটুখানিক ঘুমোতে দাও, মেহেরবানি করে।

ঘাসফড়িংও বেশ বেয়াদব, বলছে রাগী স্বরে

গান গাওয়াতে দিচ্ছ বাধা, জানো কি তার পরে?

সকল প্রাণী আমার গানের ভক্ত, সেটা মানো?

শুধু শুধুই দিচ্ছ ধমক, এর পরিণাম জানো?

তোমার মতো থাকছ তুমি এই খোঁড়লেই থাকো

মিছে মিছেই বকছ আমায়, বিচার সালিশ ডাকো।
 

বলছে প্যাঁচা, আমার বয়স কম না তোমার চেয়ে

শাপ নিয়ো না ময়-মুরুব্বির, বিপদ এলে ধেয়ে—

আসবে না কেউ তোমার কাছে, রইবে তারা দূরে

হেঁড়ে গলায় তোমার যে গান বিশ্রী এমন সুরে

উল্টো তোমায় ধিক দেবে ঠিক বুঝলে না তার কিছু

কেন ফালতু চেঁচাচ্ছ হে, ছুটছ ভুলের পিছু।


ঘাসফড়িংয়ের ঘাড় ত্যাড়া খুব, বেশ তেরিয়া, বলে—

জ্ঞান দিয়ো না মোড়ল সেজে এই চালাকির ছলে।

আমি আমার গান গাইব, শুনব না এই মানা

দিচ্ছ কেন বাগড়া তুমি আগ বাড়িয়ে জালাচ্ছ একটানা।

বৃদ্ধ প্যাঁচার টনটনে জ্ঞান, ভাবল মিনিটখানিক

উচিত মতন শিক্ষা দেব দাঁড়াও সোনামানিক।

এই ব্যাটাকে যুক্তি দিয়ে বোঝানো খুব দায়

অন্য কোনো কায়দা তো চাই, আয় খোঁড়লে আয়।

মিষ্টি হেসে বলল প্যাঁচা, কণ্ঠ তোমার বেশ

মায়াবী সুর, মন কেড়ে নেয় দারুণ খুশির রেশ।


আমার বাসায় ফিরনি আছে, একটু খেয়ে যাও,

তারপরে ফের সাধবে গলা, সংগীতে মন দাও।

প্রাণটি ভরে শুনব আমি সুরেলা এই গান।

তোমার গানের খুশবু আবেশ দেয় জুড়িয়ে জান।

এসো এসো ফিরনি পিয়ো আর তো দেরি নয়,

তোমার যে গান করবে সবার নিশ্চিত মন জয়...
 

ঘাসফড়িংটা বোকা দাম্ভিক মিষ্টি কথায় টলে

ভাবখানা তার ভুবনজয়ী, যায় ছলনায় গলে।

হাজির হলো চটজলদি প্যাঁচার খোঁড়ল দ্বারে

ঝপাৎ করে ঝাঁপিয়ে প্যাঁচা পড়ল রে তার ঘাড়ে

কপাৎ করে শব্দ হলো, ফড়িং পেটে গেল

শেষ হাসিটি হাসল প্যাঁচাই, স্বস্তিও খুব পেল।

Mahfuzur Rahman

Publisher & Editor