নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ‘জোনাথন বায়ার্স’ খ্যাত অভিনেতা চার্লি হিটন এবার যোগ দিচ্ছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নামহীন নতুন সিক্যুয়েল সিরিজে। সম্প্রতি সেটের প্রথম ছবিতে তাকে আশির দশকের চেনা রূপ পেরিয়ে ১৯৫০-এর দশকের লুকে দেখা গেছে।
এই সিরিজে তিনি ‘চার্লস শেলবি’ চরিত্রে অভিনয় করবেন। ছয় পর্বের এই নতুন সিরিজটি মূলত শেলবি পরিবারের পরবর্তী প্রজন্মকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। সিরিজে চার্লসের সৎ ভাই ‘ডিউক শেলবি’র চরিত্রে অভিনয় করছেন জেমি বেল। সম্প্রতি মুক্তি পাওয়া স্পিন-অফ চলচ্চিত্র ‘দ্য ইমমর্টাল ম্যান’-এর মাধ্যমে মূল চরিত্র টমি শেলবি (সিলিয়ান মারফি) বিদায় নিয়েছেন।
যেখানে ডিউকের চরিত্রে দেখা গিয়েছিল ব্যারি কিওগানকে। নতুন সিরিজের গল্পে দেখা যাবে, শত্রুদের বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ শেষ করে চার্লস শেলবি এখন সাধারণ জীবন কাটানোর চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে সৎ ভাই ডিউকের সাথে তার কোনো যোগাযোগ নেই। চার্লস নিজেকে পিকি ব্লাইন্ডার্স গ্যাং এবং শেলবি পরিবারের বিলাসী জীবন থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নিয়েছেন।
কিন্তু প্রশ্ন হলো, নিজের রক্তের সম্পর্ক থেকে কি আসলেই কখনো মুক্তি পাওয়া সম্ভব? দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক দশক পরের সময়কে কেন্দ্র করে এই সিরিজের গল্প সাজানো হয়েছে, যখন যুদ্ধ-বিধ্বস্ত বার্মিংহাম শহর নতুন করে গড়ে উঠতে শুরু করেছিল। বর্তমানে বার্মিংহামেই সিরিজটির শুটিং চলছে।
জেমি বেল ও চার্লি হিটনের পাশাপাশি এই সিরিজে আরো অভিনয় করছেন জেসিকা ব্রাউন ফাইন্ডলে, লাশানা লিঞ্চ ও লুসি কারচেভস্কি। সিরিজটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। তবে মুক্তির পর এটি যুক্তরাজ্যে ‘বিবিসি আইপ্লেয়ার’ এবং ‘বিবিসি ওয়ান’-এ দেখা যাবে।
আন্তর্জাতিক দর্শকরা এটি উপভোগ করতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। সিরিজটি লিখেছেন ও তৈরি করেছেন পিকি ব্লাইন্ডার্স-এর মূল স্রষ্টা স্টিভেন নাইট।
সূত্র : ভ্যারাইটি
Publisher & Editor