ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রায় দুই দশক আগে ডাকাতি করতে গিয়ে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করা এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এপি জানায়, ৩৭ বছর বয়সী জেমস ব্রডনাক্স বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে হান্টসভিলের রাষ্ট্রীয় কারাগারে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ব্রডনাক্সের আইনজীবীদের প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করার মাত্র কয়েক ঘণ্টা পরেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এ সময় জেমস ব্রডনাক্স বলেন, ‘আমি ঈশ্বরের কাছে আপনাদের ক্ষমা করার জন্য প্রার্থনা করেছি। আপনারা আমাকে নিয়ে যা-ই ভাবুন না কেন, আমি আশা করি, ঈশ্বরের কাছে আমার সেই প্রার্থনা কবুল হয়েছে। কিন্তু আপনারা আমাকে নিয়ে যা-ই ভাবুন না কেন, টেক্সাস ভুল করেছে। আমি নির্দোষ, আমার মামলার তথ্যপ্রমাণই এর পক্ষে যথেষ্ট। ব্যস।’
ব্রডনাক্সের মৃত্যুদণ্ড কার্যকরের সময় তার স্ত্রী তিয়ানা ক্রাসনিকি উপস্থিত ছিলেন। এ সময় তিনি বারবার ‘আমি তোমাকে ভালোবাসি’ বলে চিৎকার করছিলেন।
ডালাসের শহরতলিতে বাটলারের রেকর্ডিং স্টুডিওর বাইরে ২০০৮ সালে স্টিফেন সোয়ান এবং ম্যাথিউ বাটলারকে গুলি করে হত্যার দায়ে ব্রডনাক্স দোষী সাব্যস্ত হন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ব্রডনাক্স ও তার চাচাতো ভাই ডেমারিয়াস কামিংস স্টুডিওর পার্কিং লটে একটি সশস্ত্র ডাকাতির সময় ওই দুই ব্যক্তিকে হত্যা করেন। পরবর্তীতে কামিংসকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
প্রসিকিউটররা প্রকাশ করেছেন যে ব্রডনাক্স এর আগেও এই জোড়া হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছিল এবং জেলখানা থেকে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেছিল, ‘আমিই ট্রিগার চেপেছিলাম’, এতে তার কোনো অনুশোচনা নেই।
ব্রডনাক্সের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ঠেকানোর প্রচেষ্টায় কারাগার থেকে প্রকাশিত এক ভিডিওতে কামিংস বলেন, ‘আমি সত্যিটা সেভাবেই বলব যেভাবে বলা উচিত, যে এটা আমিই ছিলাম, আমিই হত্যাকারী। আমিই ম্যাথিউ বুলার্ড, স্টিভ সোয়ানকে গুলি করেছি।’
ম্যাথিউ বাটলারের মা থেরেসা বাটলার তার ছেলের হত্যাকারীর মৃত্যুদণ্ড পূর্বপরিকল্পনা অনুযায়ী কার্যকর করার দাবিতে অটল ছিলেন।
যুক্তরাষ্ট্রে এ বছর মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে ব্রডনাক্স ছিলেন দশম এবং টেক্সাস রাজ্যের তৃতীয় ব্যক্তি। সূত্র: ফক্স নিউজ, এপি
Publisher & Editor