শনিবার, ০২ মে ২০২৬

এই সময়ের সাফা কবির

প্রকাশিত: ০৩:৪৬, ০২ মে ২০২৬ |

অভিনয়ে নিজেকে ভেঙে প্রতিনিয়ত নতুন সব গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরতে চান সাফা কবির। সেই ভাবনা থেকে নন্দিত এই অভিনেত্রী বেছে নিয়েছেন ভিন্ন ধাঁচের গল্পের নাটক। যার শিরোনাম ‘তোর নামে হৃদয়’। পারভেজ ইমরানের গল্প নিয়ে চিত্রনাট্য লেখার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।

ভালোবাসার নতুন এই গল্পে সাফা আরও একবার তিনি জুটি বেঁধেছেন এ সময়ের আলোচিত অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে। নাটকের গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে দেখা যাবে অভিনেতা লুৎফর রহমান জর্জকে। আগামী ৭ মে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে নির্মাতারা জানান।

সাফা কবিরের কথায়, ‘তোর নামে হৃদয়’ এমনই এক গল্প, যেখানে ঘটনার বেশ কয়েকটি বাঁকবদল চোখে পড়বে। গল্পে যেমন নতুনত্ব থাকলেও চরিত্র নির্মাণে চেনা জীবনের ছায়া তুলে আনা হয়েছে। এতে দর্শক কাহিনির সঙ্গে তাদের যাপিত জীবনের ঘটনাগুলোর মিল খুঁজে পাবেন; যা তাদের কিছুটা হলেও ভাবনার খোরাক জোগাবে। গল্প, চরিত্র, শিল্পীদের অভিনয়, নির্মাণ সব মিলিয়ে নাটকটি দর্শকমনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এদিকে কিছুদিন আগে সাফা কবির দর্শক প্রশংসা কুড়িয়েছেন ‘চা গরম’ নামের ওয়েব সিনেমায় অভিনয় করে। সাফার কথায়, এই কাজটি শুধু গল্প ও চরিত্র ভালো লাগার কারণে বেছে নেননি; নিয়েছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্তের কাহিনি উপস্থাপনের মুনশিয়ানার জন্য।

ভালো লাগার আরেকটি বিষয় হলো, ‘চা গরম’-এর গল্প; যা দারুণভাবে মনকে নাড়া দেয়। চা শ্রমিকদের জীবনে নির্মম সত্যি হলো, দিনভর কঠোর পরিশ্রমের পরও তাদের পারিশ্রমিক এত অল্প যে, তা দিয়ে কীভাবে জীবনপাত করা যায়– সেটাই বিস্ময়কার। এ কারণে তাদের জীবনের করুণ সত্যিটাকে পর্দায় তুলে ধরতে মরিয়া ছিলেন। কাজ শেষ মনে হয়েছে, ‘চা গরম’ অভিনয় ক্যারিয়ারের স্মরণীয় একটি কাজ হয়ে থাকবে। 

‘চা গরম’ ছাড়াও গত ঈদে সাফা নতুন বেশ কিছু চরিত্র পর্দায় তুলে ধরেছেন। যার মধ্যে ‘মৎস্যকন্যা’ নাটকে সাফার চরিত্রটি ছিল একেবারে আনকোরা। সাফা স্বীকার করেছেন, সমাজ বাস্তবতা, আবেগী টানাপোড়েন থেকে শুরু করে অনেকরকম গল্পে অভিনয় অভিজ্ঞতা হয়েছে তাঁর। কিন্তু মৎস্যকন্যার মতো ইলিউশনধর্মী কাজ সেভাবে করা হয়ে ওঠেনি। ‘মৎস্যকন্যা’ ছাড়াও ‘বেসড অন ট্রু স্টোরি’, ‘হাত ধরেছি উড়বো বলে’, ‘লেলিন’, ‘ফড়িয়া’সহ এ সময়ের প্রতিটি নাটকেই নতুনরূপে নিজেকে তুলে ধরার প্রয়াস ছিল এই অভিনেত্রীর।

Mahfuzur Rahman

Publisher & Editor