অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সামিত প্যাটেলকে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষিদ্ধ হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
চলতি বছরের শুরুতে গোয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো লিগে অংশ নেওয়ায় টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইসিবি। টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট কন্ট্রো বোর্ডের (বিসিসিআই) অনুমোদন না পাওয়ায় নিয়ম অনুযায়ী তাকে ছয় মাসের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এবার অবসরের ঘোষণাই দিলেন প্যাটেল।
অবসর প্রসঙ্গে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্যাটেল কিছুটা আক্ষেপ নিয়ে বলেন, ‘আমি ওই লিগে খেলতাম না যদি জানতাম এমন হবে। তখন অনেক অনিশ্চয়তা ছিল। তবে এই ঘটনাই আমার অবসরের সিদ্ধান্তটা দ্রুত নিতে সাহায্য করেছে।’
অবসর নিলেও ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না প্যাটেল। নিজেকে কোচিং, মেন্টরিং কিংবা ধারাভাষ্যে জড়াতে চান তিনি। প্যাটেল বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি, কিন্তু ক্রিকেট থেকে কখনো দূরে যাব না। কোচিং, মেন্টরিং এবং ধারাভাষ্যে নতুনভাবে পথচলা শুরু করতে চাই। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে—বন্ধুত্ব, অভিজ্ঞতা আর অসংখ্য স্মৃতি, যা সব সময় আমার সঙ্গে থাকবে।’
দীর্ঘ ক্যারিয়ারে কাউন্টি ক্রিকেটে নটিংহামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে দুই দশকের বেশি সময় খেলেছেন প্যাটেল। তার পারফরম্যান্স এবং অবদানের প্রশংসা করে ক্লাবটির ক্রিকেট পরিচালক মিক নিউওয়েল বলেন, ‘প্যাটেল শুধু নটিংহ্যামশায়ারের ইতিহাসেই নয়, সমর্থকদের হৃদয়েও বিশেষ জায়গা করে নিয়েছে। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দারুণ ক্ষমতা ছিল তার। ২২ বছর ধরে ক্লাবের হয়ে অসামান্য নিবেদন তাকে সবার প্রিয় করে তুলেছে।’
আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ৬ টেস্ট, ৩৬ ওয়ানডে এবং ১৮ টি-টোয়েন্টি খেলেছেন প্যাটেল। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে শারজাহ টেস্টই ছিল ইংলিশদের জার্সিতে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের শেষ ম্যাচ। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেট ও ৫,০০০ রানের বিরল ডাবলের কীর্তি গড়েন প্যাটেল।
Publisher & Editor