শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ তুলে শাস্তি পেলেন আমিরাত অধিনায়ক

প্রকাশিত: ০৯:২৯, ২৪ এপ্রিল ২০২৬ |

কীর্তিপুরে নেপালের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলায় শাস্তি পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তার। এছাড়াও ওয়াসিমের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

আইসিসির আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গ করেছেন ওয়াসিম। যেখানে বলা আছে যে, ‘আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে বা কোনো খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল বা অংশগ্রহণকারী দল সম্পর্কে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য করা’ যাবে না।  

গত মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচের প্রথম বলেই ওয়াসিমকে লেগ বিফোর আউট দেন অনফিল্ড আম্পায়ার। আউট হওয়ার পর অসন্তোষ প্রকাশ করেন তিনি। বল লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল, হাতের ইশারায় বোঝান তিনি। 

পরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং পক্ষপাতদুষ্ট ছিল বলে মন্তব্য করেন ওয়াসিম। যা আইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৭ অনুযায়ী লেভেল-১ পর্যায়ের নিয়ম লঙ্ঘন। 

লেভেল-১ ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে। 

গত ২৪ মাসের মধ্যে এটি ছিল ওয়াসিমের প্রথম অপরাধ। নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার পাশাপাশি ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন ওয়াসিম। এ জন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Mahfuzur Rahman

Publisher & Editor