বন্ধুরা, আমরা সবাই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গহীনপুরের শিক্ষার্থী। আসাদ ইকবাল সুমন স্যার আমাদের বললেন, ‘তোমরা কি হাতে একটা ক্যালেন্ডার বানাতে পারবে?’ আমরা সবাই একবাক্যে রাজি হয়ে গেলাম। এখন শীতের মৌসুম চলছে। তাই ভাবলাম, এই সময়ে চিত্র তুলে ধরব ক্যালেন্ডারে।
শুরুতে আমরা সাতজনের একটা দল গঠন করলাম। আমি ছাড়াও এই দলে ছিল অনামিকা, স্বস্তিকার জমিদ, জয় ভাই, আনিছা আপু, আলিমা আপু ও জুঁই দিদি। পুরো কাজটি সম্পন্ন করতে মোট তিন দিন লেগেছিল আমাদের। প্রথম দিন আমরা নিজেদের ভাবনা কাজে লাগিয়ে একেকভাবে আঁকলাম।
পরদিন স্যার ছবিগুলো পর্যবেক্ষণ করে কিছু নির্দেশনা দিলেন, সেই মোতাবেক ছবি আঁকলাম। আনিছা আপু, আলিমা আপু আর জুঁই দিদি ক্যালেন্ডারে মাস, বার, তারিখ লিখলেন। শেষ দিন সবাই মিলে ছবিটি রাঙালাম। হয়ে গেল আমাদের নতুন বছরের ক্যালেন্ডার।
বন্ধুরা, ক্যালেন্ডারটি কেমন হলো লিখে জানাতে ভুলবে না।
Publisher & Editor