বাংলাদেশ ফুটবলের ইতিহাস আজ এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনো।
এই ম্যাচ শুধু বাংলাদেশের জন্যই নয়, সান মারিনোর জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার কোনো এশিয়ান দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তারা।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১৮১তম স্থানে এবং সান মারিনোর অবস্থান ২১১তম। ফলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
তবে কাগজে-কলমে এগিয়ে থাকলেও ম্যাচটি সহজ হবে না বাংলাদেশের জন্য। ইউরোপের পরিবেশ, দীর্ঘ সফরের ক্লান্তি এবং ভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে দলের সামনে। পাশাপাশি জাতীয় দল প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তির আওতায় কোনো ম্যাচ খেলতে যাচ্ছে, যা খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা।
সাম্প্রতিক সময়ে সান মারিনো তাদের ফুটবল ইতিহাসের অন্যতম সফল সময় পার করেছে। ২০২৪ সালে লিখটেনস্টাইনকে হারিয়ে প্রথম প্রতিযোগিতামূলক জয় অর্জন করে দলটি। পরে একই প্রতিপক্ষের মাঠেও জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ে। দীর্ঘদিন ইউরোপের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে তারা উন্নতির ইঙ্গিত দিয়েছে।
বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্বে নিয়মিত অংশগ্রহণের কারণে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে সান মারিনোর। যদিও বেশিরভাগ ম্যাচেই তাদের হার মানতে হয়েছে, তবু আন্তর্জাতিক ফুটবলের কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার অভিজ্ঞতা তাদের একটি গুরুত্বপূর্ণ শক্তি।
অন্যদিকে, বাংলাদেশ দলকে এই সফরে নানা বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। দীর্ঘ যাত্রার পর পর্যাপ্ত সময় না পেয়েই সীমিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি নিতে হয়েছে দলকে। ২৬ সদস্যের স্কোয়াড নিয়ে নতুন প্রধান কোচ থমাস ডুলির অধীনে যাত্রা শুরু করছে বাংলাদেশ।
ম্যাচটি ঘিরে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্টেডিয়ামে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি সমর্থকের উপস্থিতি আশা করা হচ্ছে, যাদের বড় একটি অংশ ইতালি থেকে খেলা দেখতে যাবেন। ইতোমধ্যে ভেন্যুর সব টিকিট বিক্রি হয়ে গেছে।
সান মারিনোর হেড কোচ রবার্তো সেভোলি বলেন,‘বাংলাদেশ দলে কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খুবই ভালো। তাদের নতুন কোচ এসেছে। নিশ্চয়ই তিনি নতুন কিছু করার চেষ্টা করবেন।’
ইউরোপের মাটিতে প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের ফুটবলপ্রেমীরা। ম্যাচটি রাত ১১টায় সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
Publisher & Editor