হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষের পথে। তবে পুরোপুরি দরজা বন্ধ করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের স্প্যানিশ কোচের চুক্তি শেষ হবে ৩০ এপ্রিল। এরপর নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় কাবরেরাও আবেদন করতে পারবেন।
চার বছরের বেশি সময় বাংলাদেশ দলের দায়িত্বে থাকলেও তেমন সাফল্য নেই কাবরেরার। তার খেলোয়াড় নির্বাচন, খেলার কৌশল ও দল পরিচালনা নিয়ে সমালোচনা কম হয়নি। তার বিদায়ের দাবিও জোরালো হয়েছে।
জাতীয় দল কমিটির বৈঠক শেষে বাফুফের এক কর্মকর্তা বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। এর মধ্যে আমরা নতুন কোচের জন্য সিভি সংগ্রহ করব। চাইলে কাবরেরাও আবেদন করতে পারেন। সাক্ষাৎকার নিয়ে যাকে যোগ্য মনে হবে, তাকে দায়িত্ব দেওয়া হবে।’ যদিও বাফুফে বলছে, কাবরেরাকে বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে না। অনেকের মতে, বাংলাদেশ ফুটবল সম্পর্কে জানাশোনার কারণে অন্যদের চেয়ে তিনি এগিয়ে থাকবেন।
এদিকে দীর্ঘমেয়াদে একজন গোলরক্ষক কোচও নিয়োগ দিতে চায় বাফুফে। বাফুফের ওই কর্মকর্তা জানান, গোলরক্ষক কোচকেও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। জুনের ফিফা উইন্ডো সামনে রেখে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্ট ও থাইল্যান্ডে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। ‘জুন উইন্ডোতে বাংলাদেশ খেলবে, এটা নিশ্চিত,’ বলেন বাফুফের ওই কর্মকর্তা। তবে নতুন কোচ নিয়োগে দেরি হলে জুনের ম্যাচগুলোতে সাময়িকভাবে আবারও কাবরেরাকে দায়িত্বে রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
Publisher & Editor