সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

প্রকাশিত: ০৬:৫৮, ০৫ এপ্রিল ২০২৬ | ১০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আগামী ১৯ এপ্রিল শুনানি হবে।

রোববার (৫ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ (রোববার) ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২২ আসামির মধ্যে ফজলে করিমসহ ৪ জন গ্রেফতার আছেন। পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৩টি অভিযোগ আনা হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor