ফের ঘরের মাঠে নীল-সাদা জার্সিতে নামছেন লিওনেল মেসি। আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে মায়ামি থেকে উড়ে এসে মঙ্গলবার ভোরে বুয়েনোস আইরেসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন এই মহাতারকা। কোচ লিওনেল স্কালোনির অধীনে বিশ্বচ্যাম্পিয়নদের এই ক্যাম্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঘরের মাঠের প্রীতি ম্যাচগুলোর মাধ্যমেই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে চায় আলবিসেলেস্তেরা।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর মেসি জাতীয় দলে যোগ দিয়েছেন দারুল ফর্মে। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ে তিনি একটি অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করেন, যা ছিল তার ক্যারিয়ারের ৭০তম ফ্রি-কিক গোল। পুরো ম্যাচে ৯০ মিনিট খেলে তিনি তার ফিটনেসও প্রমাণ করেছেন। এতে করে ধারণা করা হচ্ছে, আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তিনি পুরোপুরি খেলতে পারবেন, যা দলের কৌশলগত প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।
স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ার পর নিজেদের মাঠেই খেলার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসের ঐতিহাসিক 'লা বোম্বোনেরা' স্টেডিয়ামে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচগুলো শুধু প্রস্তুতির জন্যই নয়, আবেগের দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের আগে এটি হতে পারে দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ।
এদিকে আন্তর্জাতিক বিরতির জন্য ঘোষিত আর্জেন্টিনা স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে। কোচ স্কালোনি অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করেছেন। প্রথম বারের মতো ডাক পেয়েছেন টমাস পালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া মারকোস আকুনার প্রত্যাবর্তন রক্ষণভাগকে আরও শক্তিশালী করেছে।
তবে ইনজুরির কারণে জিওভানি লো চেলসো, লিসান্দ্রো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। তাদের অভাব পূরণে তরুণ নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। পাশাপাশি আক্রমণভাগে সুযোগ পেয়েছেন হোসে ম্যানুয়েল লোপেজ। এছাড়া স্কালোনি আরো নজর রাখছেন ভ্যালেন্তিন বারকো, ম্যাক্সিমো পেরোনে এবং মারকোস সেনেসির মতো খেলোয়াড়দের ওপর, যাতে তিনি তার দলকে আরো নিখুঁতভাবে গড়ে তুলতে পারেন।
একনজরে আর্জেন্টিনার স্কোয়াড: লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেজ, হোসে লোপেজ, গিউলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোনে, এক্সেকিয়েল পালাসিওস, লিয়েন্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, মারকোস আকুনা, লিওনার্দো বালেরদি, নাহুয়েল মোলিনা, গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মারকোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো ও জেরোনিমো রুল্লি।
Publisher & Editor