আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর পিএসএল। এবারের আসরটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটু বেশিই বিশেষ। কারণ মাঠে ডাগআউটে, এমনকি ম্যাচ পরিচালনার ভেতরেও ছড়িয়ে আছে বাংলাদেশের ছাপ। ছয় জন ক্রিকেটার, একজন আম্পায়ার এবং একজন ধারাভাষ্যকার নিয়ে এবারের পিএসএল হয়ে উঠছে বাংলাদেশের জয়গানের নতুন মঞ্চ।
গত মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ওপেনার তানজিদ হাসান তামিম। তাদের যাত্রার মধ্য দিয়েই পূর্ণ হয় ছয় ক্রিকেটারের বহর। এর আগেই গত সোমবার পাকিস্তানে পৌঁছেছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জেতা রিশাদ হোসেন এবার খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সিতে। অন্যদিকে, প্রথমবারের মতো পিএসএলের ডাক পাওয়া তানজিদ তামিম খেলবেন পেশোয়ার জালমিতে। এই দলেই তার সঙ্গী হিসেবে থাকছেন দুই পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা। ফলে একটি ফ্র্যাঞ্চাইজিতেই বাংলাদেশের তিন ক্রিকেটারের উপস্থিতি তৈরি করেছে আলাদা আগ্রহ। আর মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমন মাঠ মাতাবেন বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে।
লাহোর কালান্দার্সে যোগ দিয়েই ভিন্নধর্মী এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন মোস্তাফিজ ও ইমন। ফ্র্যাঞ্চাইজিটি তাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে জার্সিতে যোগ করেছে বিশেষ কিছু নাম। মোস্তাফিজের জার্সিতে লেখা হয়েছে 'প্রফিটিং' এবং ইমনের জন্য বরাদ্দ হয়েছে 'লাকি' উপাধি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই টাইগারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে লাহোর কর্তৃপক্ষ লিখেছে, 'তারা ক্লান্ত কিন্তু প্রস্তুত: লাহোর এখন তাদেরও ঘর।' আজ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাহোর কালান্দার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যান।
খেলোয়াড়দের বাইরেও এবার বড় এক অর্জন যোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। আম্পায়ার হিসেবে পিএসএলে অভিষেক হতে যাচ্ছে শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারের সঙ্গে ধারাভাষ্য কক্ষে প্রথমবার মাইক্রোফোন হাতে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান।
এই ব্যস্ত সূচির মধ্যেই রয়েছে জাতীয় দলের দায়বদ্ধতা। ক্রিকেটারদের ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। এরপরই দেশে ফিরতে হবে অধিকাংশকে। কারণ সামনে রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সেই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই পারভেজ হোসেন ইমন ছাড়া বাকি সবাইকে ফিরে আসতে হবে মাঝপথেই।
পিএসএলের এবারের আসর আয়োজনের পেছনে রয়েছে ভিন্ন বাস্তবতা। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আফগানিস্তানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই শুরু হচ্ছে পিএসএলের একাদশ আসর। সূচি অনুযায়ী ছয়টি ভেন্যুতে খেলার কথা থাকলেও জ্বালানি সংকটের কারণে সেটি সীমাবদ্ধ করা হয়েছে লাহোর ও করাচিতে। আরও একটি বড় সিদ্ধান্ত হলো, ম্যাচগুলো হবে দর্শকশূন্য গ্যালারিতে।
Publisher & Editor