বুধবার, ১৮ মার্চ ২০২৬

স্পন্সর ভিসায় আসা প্রবাসীদের স্টে-পারমিট সমস্যার সমাধান চায় বিমাস

প্রকাশিত: ০৮:৪৩, ১৮ মার্চ ২০২৬ |

ইতালির রোমে স্থানীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) ২৫ রমজান ডমুস রেস্তোরাঁয় বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন (বিমাস) এই বিশাল আয়োজনের আয়োজন করে। এতে ইতালির মূলধারার শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতা এবং বাংলাদেশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।

প্রথমবারের মতো ধর্মীয় কোনো অনুষ্ঠানে ইতালীয় বড় রাজনৈতিক নেতাদের এমন অংশগ্রহণ প্রবাসী কমিউনিটিতে ইতিবাচক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে সব ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিমাস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মুক্তার হোসেন মার্কের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ডেমোক্রেটিক দলের সাবেক সচিব নিকোলা জিঙ্গারেত্তি, সিনেটর সিসিলিয়া ডি এলিয়া, রোম-১ আসনের সংসদ সদস্য পাওলো সিয়ানি, লাজিও ডেমোক্রেটিক পার্টির আঞ্চলিক কাউন্সিলর মারিও সারলা এবং রোম মিউনিসিপ্যাল-৫-এর সভাপতি মুরো কালিসতে।

এছাড়াও উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল-১৫-এর প্রেসিডেন্ট দানিয়েলে তরকুয়াতি, ডেমোক্রেটিক দলের রোম শাখার মহাসচিব এনঝো ফস্কি, রোম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এরিকা বাত্তালিয়া, বিশেষ দূত এমিলিয়ানো মন্তেভেরদে এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন ও খাদ্য সংস্থা (FAO)-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নাফিস আহমেদ খান।

অনুষ্ঠানে বক্তারা রোজার তাৎপর্য তুলে ধরে বলেন, সিয়াম সাধনার এই মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরির মাস। ইতালীয়দের মাঝে ইসলামের শান্তির বার্তা ও শৃঙ্খলার চিত্র তুলে ধরার এটি একটি অনন্য সুযোগ।

রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক তার বক্তব্যে বলেন, ইতালিতে বর্তমানে আড়াই লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন। এর ফলে ইতালি ও বাংলাদেশ উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। বিমাস একটি মাইগ্র্যান্ট অ্যাসোসিয়েশন হিসেবে অভিবাসীদের নানা ইস্যু ও ইতালীয় ভাষা শিক্ষা নিয়ে প্রশংসনীয় কাজ করছে। তিনি আরও জানান, ইতালির মোট অভিবাসীদের মধ্যে ৩০ শতাংশ মুসলিম, যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান তৃতীয়।

ইফতার মাহফিলে ড. মুক্তার হোসেন উপস্থিত ইতালীয় রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেসব বাংলাদেশি স্পন্সর (ফ্লস্সি) ভিসায় ইতালিতে এসেছেন, তাদের অনেকেই এখনো বৈধ স্টে-পারমিট (প্যামেসো ডি সোজুর্নো) পাননি। নুলা সস্তা ও ভিসা সঠিক থাকার পরও এই দীর্ঘসূত্রতা নিরসনে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, রমজানের পর বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সরকার দ্রুত সমাধানের পথ বের করবে।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও পাকিস্তান ও চীনসহ বিভিন্ন দেশের নাগরিক এবং স্থানীয় বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। এদিকে, আগামী ২২ ও ২৩ মার্চ ইতালিতে বহুল আলোচিত সংবিধান সংস্কারের গণভোট (রেফারেন্ডাম) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপস্থিত ইতালীয় রাজনৈতিক নেতারা প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রতি এই সংস্কারের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

Mahfuzur Rahman

Publisher & Editor