ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি ঘাঁটিতে নিজেদের ট্যাংক থেকে গুলি চালানোর ঘটনা দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় তিনজন ঘানার শান্তিরক্ষী আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, ৬ মার্চ আল-কাওযাহ এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএলের একটি ঘাঁটিতে ভুলবশত গোলাবর্ষণ করা হয়। এ ঘটনার জন্য তারা ঘানা ও জাতিসংঘের কাছে দুঃখ প্রকাশ করেছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা পাল্টা গুলি চালায়। ওই হামলায় তাদের দুই সেনা মাঝারি ধরনের আহত হন। তবে পাল্টা আক্রমণের সময় ভুলক্রমে ইউনিফিলের সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার জন্য আইডিএফ দুঃখিত এবং যথাযথ মাধ্যমে ঘানা ও জাতিসংঘের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তদন্তের ফলাফল বাহিনীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে ইউএনআইএফআইএল জানিয়েছে, ঘটনাটি নিয়ে তাদের তদন্ত এখনো শেষ হয়নি। সংস্থাটি এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।
Publisher & Editor