বুধবার, ১৮ মার্চ ২০২৬

‘সাকিব নির্দোষ প্রমাণিত হয়ে ফিরলে আমরা নমনীয় থাকব’

প্রকাশিত: ০৮:৪৪, ১৮ মার্চ ২০২৬ |

পাকিস্তান সিরিজকে সামনে রেখে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। তার বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি না হওয়ায় এখনো দেশে ফেরেননি এই অলরাউন্ডার। ফলে তাকে ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি।

এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, সাকিবের বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার নামে যে মামলাগুলো রয়েছে, সেগুলো তাকে ব্যক্তিগতভাবে মোকাবিলা করতে হবে। যদি সে মামলাগুলো মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফিরে আসে, তাহলে আমরা নমনীয় থাকব।

এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দ্রুত দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে, তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।

তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, এ বিষয়ে নিশ্চিত নন ফাহিম। তার মতে, সাকিব যেকোনো সময় ফিরতে পারেন, এবং দলে থাকলে তিনি বাড়তি শক্তি যোগ করবেন। ফাহিম বলেন, ‘না। আসার ব্যাপারে আমি আশাবাদী যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব।

আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’
ফাহিম আরো জানান, সাকিব জাতীয় দলে ফিরলে তার ভূমিকা, কতদিন খেলবেন বা কোন ফরম্যাটে খেলবেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড় নিজেকে নিয়ে সম্মিলিত আলোচনার মাধ্যমে।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, ‘সবার আগে দলের স্বার্থটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর অন্য সব বিষয় বিবেচনায় আসবে।’

Mahfuzur Rahman

Publisher & Editor