সোমবার, ১৬ মার্চ ২০২৬

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

প্রকাশিত: ০২:৪৯, ১৬ মার্চ ২০২৬ |

সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের দায়ে দেশটির পাবলিক প্রসিকিউটর সম্প্রতি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে আমিরাতের ওপর হামলার সত্য ও মিথ্যা– উভয় ধরনের ভিডিও শেয়ার করেছেন।

প্রসিকিউশন জানায়, এসব ভিডিওর মধ্যে যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বা ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত ফুটেজ ছিল, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বানোয়াট বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ভুয়া দৃশ্যও অন্তর্ভুক্ত ছিল।

কর্তৃপক্ষের মতে, এই ভিডিওগুলো প্রকৃত হোক বা বানোয়াট, তা জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে, এসব উপাদান শত্রুপক্ষকে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ করে দেয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন।

এই অপরাধের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের কঠোর সাজার মুখোমুখি হতে হচ্ছে। ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং সামাজিক শান্তি নষ্ট করার অপরাধে তাদের প্রত্যেকের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম (প্রায় ২৭,২২৪ ডলার) জরিমানা হতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor