বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভ্রমণে নিপুর স্বপ্ন : ২৫ দেশ পেরিয়ে, লক্ষ্য ১০০ দেশ

প্রকাশিত: ০৭:৩৬, ২৯ এপ্রিল ২০২৬ |

ঘুরতে ভালোবাসেন অনেকেই, কিন্তু সাহস করে পৃথিবীর নানা প্রান্তে ঘোরাঘুরি করেন খুব কম মানুষ। নূর ই আলম নিপু সেই সাহসী পরিব্রাজকদের একজন। ইতিমধ্যেই তিনি ভ্রমণ করেছেন ২৫টি দেশ, এবং এখন তার লক্ষ্য—৪০ বছর বয়সের আগে ১০০টি দেশ ঘুরে দেখার স্বপ্ন পূরণ করা।

নিপুর জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালীতে।

পেশায় তিনি চাকরিজীবী, কিন্তু মনটা পাখির মতো উড়ন্ত। ছোটবেলা থেকেই নতুন দেশ, মানুষ ও সংস্কৃতির প্রতি আগ্রহই তাঁকে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে গেছে। নিপু ভ্রমণ করেছেন দক্ষিণ আফ্রিকা, মরক্কো, জর্ডান, নামিবিয়া, তানজানিয়া, উগান্ডা, কেনিয়া, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভারত, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ব্রুনাই, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।
নিপুর স্মৃতির ভাণ্ডারে ভ্রমণের নানা মুহূর্ত আজীবন স্মরণীয়।

এশিয়ার তাজিকিস্তানের পামির মালভূমিতে ঐতিহাসিক পামির হাইওয়ে ধরে রোমাঞ্চকর রোড ট্রিপের অভিজ্ঞতা এখনও চোখে জ্বলজ্বল করে। আফ্রিকার দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর ও নামিবিয়ার নামিব মরুভূমি দেখেও তিনি মুগ্ধ হয়েছেন। বিশ্ব ঐতিহ্যের নিদর্শনগুলোও নিপুর পদচারণার মধ্যে আছে। তিনি বিশ্বের সপ্তম আশ্চর্যের দুটি স্থান দেখেছেন—মিশরের গিজার পিরামিড এবং জর্ডানের পেট্রা নগরী।

ভবিষ্যতে বাকি বিশ্ববিখ্যাত আশ্চর্যগুলো ঘুরে দেখাই তার লক্ষ্য। নিপু তার ভ্রমণের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করতে ভিডিও কনটেন্টও নির্মাণ করেন। “এক্সপ্লোর উইথ নিপু” চ্যানেলে ভ্রমণ অভিজ্ঞতা, ভিসা তথ্য, ভ্রমণ টিপস ও বাস্তব গল্প শেয়ার করেন। এই তথ্য অনেকের ভ্রমণকে সহজ ও নিরাপদ করে তুলছে।

নূর ই আলম নিপু জানান, তাঁর একটাই স্বপ্ন—৪০ বছর পূর্ণ হওয়ার আগে ১০০ দেশ ভ্রমণ সম্পন্ন করা।

যদিও বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ সহজ নয়, ভিসা জটিলতা ও বিমান ভাড়া বড় চ্যালেঞ্জ। এসব প্রতিকূলতা দূর করার জন্য সংশ্লিষ্টদের পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor