হলিউডের বহুল জনপ্রিয় স্ল্যাশার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি দেখা যাবে।
১৯৯৬ সালে শুরু হওয়া স্ক্রিম সিরিজ সময়ের সঙ্গে নিজেকে হরর-থ্রিলারের এক আইকনিক ধারায় প্রতিষ্ঠিত করেছে। ‘স্ক্রিম ৬’-এর তিন বছর পর আসছে সপ্তম কিস্তি, যেখানে থাকছে নতুন ভয়, রহস্য আর অতীতের মুখোমুখি হওয়ার গল্প।
এবার পরিচালনায় রয়েছেন সিরিজের মূল স্রষ্টা কেভিন উইলিয়ামসন, যিনি প্রথমবারের মতো পুরো সিনেমাটি পরিচালনা করেছেন।
ছবিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স।
গল্পে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করেছেন। কিন্তু এক নতুন ঘোস্টফেস কিলার তাঁর মেয়ে ট্যাটুমকে লক্ষ্য বানালে আবারও তাকে অতীতের মুখোমুখি হতে হয়।
পরিচালনায় পরিবর্তন, কাস্টিং পুনর্গঠনসহ নানা চড়াই-উতরাই পেরিয়ে তৈরি হয়েছে এই ছবি। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয় এর চিত্রগ্রহণ।
প্রথম দিকের ধারণা অনুযায়ী, মুক্তির পর ছবিটি বক্স অফিসে শক্তিশালী সূচনা করতে পারে যা সিরিজের আরেকটি সফল অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
ভক্তদের অনেকেই মনে করছেন, এটি হতে পারে স্ক্রিম সিরিজের শেষ অধ্যায়— যদিও সাফল্য পেলে ভবিষ্যতে নতুন কিস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Publisher & Editor