২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। উত্তর আমেরিকার মাটিতে বসতে যাওয়া 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর এই আসরে শিরোপা রক্ষার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যার নেতৃত্বে থাকতে পারেন অধিনায়ক লিওনেল মেসি।
তবে নতুন মিশনের আগে এক প্রতিপক্ষকে এড়িয়ে চলার ইচ্ছার কথা খোলাখুলিই জানালেন মেসি। সেই দলটি হলো মেক্সিকো।
সাবেক সতীর্থ ও বর্তমানে টিগ্রেস ইউএএনএলের গোলরক্ষক নাহুয়েল গুজমানের সঙ্গে ‘মিরো দে আতরাস’ পডকাস্টে আলাপকালে ২০২২ বিশ্বকাপের স্মৃতিচারণ করেন মেসি। কাতারে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়টি ছিল আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর আরেকটি পরাজয় মানেই বিদায়। এমন চাপ নিয়েই মাঠে নেমেছিল দলটি।
মেসি বলেন, ‘আমরা সত্যি বলতে ভয় নিয়েই সেই ম্যাচ খেলতে নেমেছিলাম।’
ইতিহাসে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। তবু মেসির মতে, মেক্সিকো সব সময়ই কঠিন প্রতিপক্ষ। বল দখলে রাখার ক্ষমতা, ছন্দ নষ্ট করার কৌশল এবং সমর্থকদের তুমুল সমর্থন সব মিলিয়ে তারা যে কোনো দলকে চাপে ফেলতে পারে।
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হিসেবে উত্তর আমেরিকার দলগুলো বাড়তি সমর্থন পাবে। সেই বাস্তবতায় টুর্নামেন্টের শুরুতেই মেক্সিকোর বিপক্ষে খেলতে চান না আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি আরও বলেন, ‘বিশ্বকাপে প্রায়ই আমাদের দেখা হয়, আর বেশির ভাগ সময়ই সেটা হয় বাঁচা-মরার ম্যাচে। এবার তোমাদের (মেক্সিকো) ও যুক্তরাষ্ট্রের জন্য দারুণ সুযোগ।
তবে আশা করি এবার আমাদের মুখোমুখি হতে হবে না।’
শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে মেসির এই মন্তব্য স্মরণ করিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন হলেও বড় মঞ্চে চাপ ও হিসাব-নিকাশের বাইরে কেউ নয়।
Publisher & Editor