শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

২০০ মিলিয়ন ডলারে ব্রিটনি স্পিয়ার্সের গানের স্বত্ব বিক্রি

প্রকাশিত: ০২:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ |

বিনোদনজগৎ থেকে দূরে থাকার অংশ হিসেবে নিজের পুরো মিউজিক ক্যাটালগ বিক্রি করে দিলেন পপ সংগীতের কিংবদন্তি ব্রিটনি স্পিয়ার্স। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস জানিয়েছে, প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে স্বাধীন প্রকাশনা সংস্থা প্রাইমারি ওয়েভ-এর কাছে নিজের গানের স্বত্ব হস্তান্তর করেছেন এই পপ আইকন।

চুক্তির আওতায় রয়েছে তার ক্যারিয়ারের ৯টি স্টুডিও অ্যালবামের সব জনপ্রিয় গান। ১৯৯৯ সালে আত্মপ্রকাশের পর ‘বেবি ওয়ান মোর টাইম’ ও ‘টক্সিক’-এর মতো বিশ্বজোড়া হিট গান উপহার দিয়ে সংগীতজগতে নিজের অবস্থান পোক্ত করেছিলেন ব্রিটনি।

২০২১ সালে দীর্ঘ ১৩ বছরের আইনি অভিভাবকত্ব থেকে মুক্তি পাওয়ার পর ধীরে ধীরে জনজীবন থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন তিনি। এরপর ২০২৪ সালে সংগীত থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছে, গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে দূরে রাখার অংশ হিসেবেই ৪৪ বছর বয়সী এই তারকা বিপুল অর্থের বিনিময়ে গানের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিজের মিউজিক ক্যাটালগ বিক্রি করেছেন শাকিরা ও জাস্টিন বিবার-এর মতো তারকারাও।

Mahfuzur Rahman

Publisher & Editor