টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন ঘটে গেল। আজ শুক্রবার বড় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে তারা।
পরে বড় রান তাড়ায় শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল-রেনশদের ব্যাটে রান আসলেও শেষদিকে জয় নিশ্চিত করতে পারেনি অজিরা। অলআউট হয় ১৪৬ রানে। ২৩ রানের জয়ের পর জিম্বাবুয়ের চোখ সুপার এইটে, সেই কথাই বললেন জিম্বাবুয়ের বোলার।
দুই ম্যাচের দুটিতেই জিতে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল শ্রীলঙ্কার পরে জিম্বাবুয়ে। শেষ দুটি ম্যাচ তারা খেলবে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে। যে কোনো একটি জিততে পারলেই সুপার এইটে ওঠার সম্ভাবনা প্রবল।
এদিন জিম্বাবুয়ের হয়ে চার ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জিম্বাবুয়ানের সেরা। তৃতীয় জিম্বাবুয়ে বোলার হিসেবে এই ফরম্যাটে শততম উইকেট নেওয়া এই পেসার বলেন, ‘হ্যাঁ, ভালো লাগছে (জিততে পেরে)। কোয়ালিফাই (সুপার এইটে) করতে পারলে আরও ভালো লাগবে। তাই পরের ধাপ নিয়ে চিন্তা করছি।’
নিজের বোলিং নিয়ে ম্যাচসেরা মুজারাবানি পরে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই অন্যতম সেরা (বোলিং)। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের বোলিং করেছি। খুবই খুশি আজকে ভালো করতে পেরেছি। কন্ডিশন ভিন্ন ছিল, তবে ভালো দিক বাউন্ডারি আমার পক্ষে ছিল। তো আমাকে বাউন্ডারি ব্যবহার করতে হতো এবং উইকেট খুবই স্লো ছিল। আমি মানিয়ে নিয়েছি।’
বড় জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন মুজারাবানি, ‘আমি বিশ্বাস করি, দলের সবাই সত্যিই ভালো বোলিং করেছে এবং প্রত্যেকেই দলের জন্য খেলেছে। হ্যাঁ, আমরা রিচকে (এনগারাভা) মিস করেছি, কিন্তু ব্র্যাড (ইভান্স) দারুণ বল করেছে। বিশেষ করে আপনি যখন অনেক লম্বা হবেন, তখন কখনো কখনো ইয়র্কার করা বেশ কঠিন।’
Publisher & Editor