বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৬ বছর পর ফের একসঙ্গে ফিরছেন জন-নোরা

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ নভেম্বর ২০২৬ | ৪

প্রায় ছয় বছর পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম ও নোরা ফাতেহি। তাদের দেখা যেতে পারে আসন্ন সিনেমা ‘ফোর্স ৩’-তে।

তবে এবার শুধু অভিনয় নয়, ছবির একটি বিশেষ গানে পারফর্ম করবেন নোরা। এমন খবর প্রকাশ্যে আসতেই এই জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
এর আগে ‘সাকি সাকি’ ও ‘কুসু কুসু’র মতো জনপ্রিয় গানে জন ও নোরার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। পর্দায় তাদের রসায়নও প্রশংসা পেয়েছে।

তাই ‘ফোর্স ৩’-তে আবারও এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর, নোরার জন্য ছবিতে বিশেষ একটি নাচের দৃশ্য রাখা হচ্ছে। বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে গানটি। ছবির অ্যাকশননির্ভর গল্প ও বাণিজ্যিক বিনোদনের কথা মাথায় রেখেই সাজানো হবে এই বিশেষ আয়োজন।

এ প্রসঙ্গে এক সূত্রের ভাষ্য, ‘নোরাকে একটি স্পেশ্যাল ডান্স নম্বরের জন্য নেওয়া হয়েছে। এই সিকুয়েন্স যেমন হবে জমকালো এবং দর্শক মাতানো তেমনই হবে এক মিউজিক্যাল স্পেকট্যাকল।’

এদিকে ‘ফোর্স ৩’ সিনেমায় জন আব্রাহামের সঙ্গে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে। ছবিতে দুই অভিনেতার মুখোমুখি লড়াইকে অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

অ্যাকশন, উত্তেজনা আর নোরার বিশেষ নাচের সমন্বয়ে ছবিটি দর্শকদের কতটা মাতাতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

Mahfuzur Rahman

Publisher & Editor