শনিবার, ২১ নভেম্বর ২০২৬

উন্নয়ন অগ্রাধিকারে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত: ১০:১৫, ২১ নভেম্বর ২০২৬ | ১৪

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আরও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের এসব উন্নয়ন অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন। ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজা এবং ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার পক্ষে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ জাতিসংঘের উভয় সংস্থা এবং বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং মসৃণ উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি—এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন তিনি।

জবাবে কান্নি উইগ্নারাজা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যসংক্রান্ত আইন আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে ইউএনডিপির সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, ইউএনএফপিএর উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যাগত উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সংস্থাটির সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

এ সময় সোয়োলতুয়া বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবার পরিধি সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরেন। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সংস্থাটির অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠক দুটিতে বাংলাদেশের সংসদীয় কমিটিগুলোর কার্যকর ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন জহির উদ্দিন স্বপন। সরকারের কার্যক্রমের ওপর সংসদীয় কমিটির সদস্যদের কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বাড়াতে ইউএনডিপি ও ইউএনএফপিএর চলমান কর্মসূচিগুলোকে আরও সময়োপযোগী করার বিষয়ে পরামর্শ দেন তিনি।

উভয় সংস্থার প্রতিনিধিরা এ প্রস্তাবকে স্বাগত জানান। পাশাপাশি বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও উন্নয়নগত অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor