সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ট্রাম্পের গলফ কোর্স সংস্কার পরিকল্পনা স্থগিত করলেন মার্কিন আদালত

প্রকাশিত: ০৫:১০, ১৫ নভেম্বর ২০২৬ | ৩৭

ওয়াশিংটন ডিসির একটি ঐতিহাসিক পৌর গলফ কোর্স সংস্কারের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অস্থায়ীভাবে স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারক। সংস্কার কাজের জন্য রবিবার (১৫ নভেম্বর) থেকে ‘ইস্ট পোটোম্যাক গলফ লিংকস’ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল প্রশাসন।

তবে শনিবার (১৪ নভেম্বর) রাতে মার্কিন জেলা বিচারক আনা সি. রেয়েস এক আদেশে কোর্সটি খোলা রাখার নির্দেশ দেন।
বিচারক আনা সি. রেয়েস তার আদেশে জানান, সাধারণ মানুষের ব্যবহার্য এই গলফ কোর্সটিকে ট্রাম্পের পছন্দসই চ্যাম্পিয়নশিপ কোর্সে রূপান্তর করার উদ্যোগটি পরিবেশ আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি প্রশাসন নির্বাহী ক্ষমতার সীমারেখা অতিক্রম করেছে বলেও তিনি মন্তব্য করেন।

সংস্কারের আগে জনসাধারণকে নোটিশ দেওয়া এবং তাদের মতামত নেওয়ার যে বাধ্যতামূলক আইনি নিয়ম রয়েছে, ন্যাশনাল পার্ক সার্ভিস তা মানেনি।

বিচারক স্পষ্ট করে বলেন, কেবল প্রেসিডেন্টকে খুশি করতে ১৫ নভেম্বরের মধ্যে পার্কটি বন্ধ করার জন্য আইনি নিয়ম উপেক্ষা করা যায় না।
 
মামলায় বিচার বিভাগ দাবি করেছিল যে নিরাপত্তার কারণেই কোর্সটি বন্ধ করা হচ্ছে। তবে বিচারক এই যুক্তিকে ‘অজুহাত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, ঐতিহাসিক এই পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলে সাধারণ গলফার ও ওয়াশিংটনবাসীর অপূরণীয় ক্ষতি হবে।

এর আগে গত অক্টোবরেও যথাযথ নোটিশ ছাড়াই ওই কোর্স থেকে ৪০০টির বেশি গাছ কেটে ফেলায় প্রশাসনের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারক রেয়েস। সে সময় সরকারি আইনজীবীরা তাকে বিভ্রান্ত করেছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।

রায়ের আগে শনিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প জায়গাটিকে ‘আবর্জনার দ্বীপ’ বলে উল্লেখ করেন এবং এটি অত্যন্ত বিপজ্জনক বলে দাবি করেন। বিচারক কম খরচে দ্রুত সংস্কার কাজে বাধা দিচ্ছেন বলেও তিনি অভিযোগ তোলেন।

অন্যদিকে, রায়ের পর মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র সিএনএনকে জানান, তারা আদালতে প্রশাসনের পরিকল্পনা জোরালোভাবে রক্ষা করবেন এবং এই আদেশ বিশ্বমানের গলফ কোর্স তৈরির মূল পরিকল্পনায় কোনো বাধা সৃষ্টি করবে না।

উল্লেখ্য, ওয়াশিংটনকে নিজের মতো করে সাজাতে ট্রাম্প যেসব নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন, এটি তার অন্যতম। এর আগে পোটোম্যাক নদীর তীরে বিজয় তোরণ নির্মাণ এবং কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের মতো উদ্যোগগুলোও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor