শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব

প্রকাশিত: ০৮:৫৬, ০৭ নভেম্বর ২০২৬ | ৪

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান। নানা কাজে খুব কম সময়েই ঢাকায় থাকেন এই ঢালিউড অভিনেতা। সম্প্রতি দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষ করে তিনি ঢাকায় ফিরেন। তবে খুব বেশি সময় ঢাকায় থাকতে পারেননি তিনি। 

কিছুদিনের বিরতি শেষে আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব খান। মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নিতেই পাড়ি জমান তিনি। তবে এবার স্বল্প সময়ের সেই সফর শেষ করে দেশে ফিরছেন শাকিব।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, শনিবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এই অভিনেতা। 

ঢাকায় ফিরেই শুরু করবেন নতুন সিনেমার কাজও। নতুন সিনেমা ‘নিঃস্ব’র কাজ নিয়ে টিমের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। 

সিনেমার কাজের ধারা

প্রথম দুইদিন শুটিং হবে ঢাকায় এবং পরবর্তীতে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতারা। কলকাতায় বেশিরভাগ শুটিং হবে বলে জানা গেছে। সেখানেই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। 

ঘনিষ্ঠ সূত্রের দাবি, এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে সিনেমাটির খলনায়ক চরিত্রে থাকছে বিশেষ চমক। এ চরিত্রে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্রও জানিয়েছে, সিনেমাটিতে বলিউডের কোনো অভিনেতাকে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে।

এর আগে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। ফলে আপাতত ‘নিঃস্ব’ নিয়েই এগোচ্ছেন এই অভিনেতা।

Mahfuzur Rahman

Publisher & Editor