মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে

প্রকাশিত: ০৫:৩৬, ০৩ নভেম্বর ২০২৬ | ১৩

বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনার বিচার, বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলা, নিপীড়ন, অপমান ও নির্যাতনের প্রতিবাদ এবং ঢাকা সেনানিবাসে মহান মুক্তিযুদ্ধের স্মরণে ‘শিখা অনির্বাণ’ পূনরায় প্রজ্জ্বলনের দাবিতে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএসএ’।

গত ৩০ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর এবং সাধারণ সম্পাদক মো: মনজুর চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন ও  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ (পূর্বাঞ্চল) যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, এ‍্যাড জাকির হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, সহ সভাপতি টি. মোল্লা, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম’৭১, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাজল মাহমুদ, কৃষিবিদ মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় (জেড. এ. জয়), সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ. মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রীনা আবেদীন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শক্তি দাসগুপ্ত প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াইয়ের মধ্য দিয়েই অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। অথচ পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।

সংগঠনটি এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের হত্যা, নির্যাতন ও অপমানের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘শিখা অনির্বাণ’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের স্মারক এই শিখা। এটি শুধু সামরিক আত্মত্যাগের প্রতীক নয়, বরং স্বাধীনতা, মর্যাদা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য বাঙালি জাতির সংগ্রামেরও অবিস্মরণীয় স্মারক। তাই ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বাণ’-এর স্থায়ী পুনরুদ্ধার এবং সার্বক্ষণিক প্রজ্জ্বলন নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা কোনো প্রতিবন্ধকতা হলে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএসএ’ আর্থিক অনুদান দিতে কিংবা তহবিল সংগ্রহে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শক্তিকে সঙ্গে নিয়ে নিউইয়র্কে আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বর্তমান বিএনপি সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

Mahfuzur Rahman

Publisher & Editor