শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান

প্রকাশিত: ০৬:২৩, ২৩ অক্টোবর ২০২৬ | ১১

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে আয়োজিত এ মাহফিলে কুরআন-সুন্নাহর আলোকে বয়ান পেশ করেন চরমোনাই পীর। অনুষ্ঠানে আলেম-উলামা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে এবং পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়ন কমিটি, যুক্তরাষ্ট্রের সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ধর্মীয় আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

এমডি শামসুদ্দিন বশিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, এবং মুফতি মুহাম্মদ ইসমাইল। এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রবাসী কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য আলহাজ এমদাদুল ফেরদাউসসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও প্রবাসী ব্যক্তিরা।

অনুষ্ঠানে চরমোনাই পীরের বয়ান শোনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এর আগে, গত ১৩ অক্টোবর ১৪ দিনের দাওয়াতি সফরে নিউইয়র্কে পৌঁছান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দারুল উলুম নিউইয়র্কের নেতারা তাঁকে অভ্যর্থনা জানান। তাঁর এ সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধর্মীয় মতবিনিময় ও দাওয়াতি কার্যক্রম গুরুত্ব পাচ্ছে।

Mahfuzur Rahman

Publisher & Editor