যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের মেয়র নির্বাচনে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নতুন মোড় এসেছে। বিতর্কিত ৩৭টি ডাকযোগে পাঠানো ব্যালট পুনর্গণনার পর বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র অ্যাডাম আলহারবিকে ১২ ভোটে পেছনে ফেলেছেন। মানচিত্র দেখুন
নতুন গণনা অনুযায়ী, মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। অন্যদিকে, অ্যাডাম আলহারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট।
২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে অ্যাডাম আলহারবি মাত্র ১১ ভোটের ব্যবধানে মুহিত মাহমুদকে পরাজিত করেছিলেন। তবে নির্বাচনের পর গণনার বাইরে থাকা ডাকযোগে পাঠানো ৩৭টি ব্যালট নিয়ে বিরোধ দেখা দেয়। ব্যালটগুলোর বৈধতা ও সংরক্ষণপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে ব্যালটগুলো গণনা করা হলে নির্বাচনের হিসাব পাল্টে যায়।
এদিকে, মুহিত মাহমুদের হ্যামট্রামিক শহরের বাসিন্দা হওয়ার যোগ্যতা নিয়েও আইনি বিরোধ রয়েছে। বর্তমান মেয়র অ্যাডাম আলহারবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মুহিত মাহমুদ প্রকৃতপক্ষে হ্যামট্রামিকে বসবাস করেন না, বরং তার পরিবারের বসবাস পাশের ট্রয় শহরে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মুহিত মাহমুদ। তিনি দাবি করেছেন, তিনি হ্যামট্রামিকেরই বাসিন্দা।
এখন নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন এবং আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। সব প্রক্রিয়া শেষে মুহিত মাহমুদ মেয়রের দায়িত্ব গ্রহণ করলে তা হবে হ্যামট্রামিক শহরের বাংলাদেশি বংশোদ্ভূত এই রাজনীতিকের জন্য এক ঐতিহাসিক অর্জন। তার সম্ভাব্য বিজয়কে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। কমিউনিটির অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
Publisher & Editor