আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক লিওপোলদো লুকেকে নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী।
বুধবার (২১ অক্টোবর) আদালতে সমাপনী বক্তব্যে তিনি বলেন, ম্যারাডোনার মৃত্যুর জন্য তার মক্কেলকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।
আইনজীবী রবার্তো রালিন বলেন, প্রমাণের ভিত্তিতেই লুকের নির্দোষিতা প্রতিষ্ঠা করতে চান তারা। ম্যারাডোনার মৃত্যু আগে থেকে অনুমান করা সম্ভব ছিল—প্রসিকিউশনের এমন দাবিও প্রত্যাখ্যান করেন তিনি।
আরেক প্রতিরক্ষা আইনজীবী ফ্রান্সিসকো ওনেতো বলেন, ম্যারাডোনার মৃত্যু হয়েছিল আকস্মিক ও অননুমেয় হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কারণে। এই পরিণতি আগে থেকে অনুমান করার কোনো সুযোগ ছিল না।
২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রমে জটিলতা এবং ফুসফুসে পানি জমার কারণে তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার জন্য বুয়েনস এইরেসের উত্তরে তিগ্রে এলাকায় একটি ভাড়া বাসায় ছিলেন তিনি। সেখানেই বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। তাদের মধ্যে নিউরোসার্জন লুকের জন্য ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন কৌঁসুলিরা। অন্য পাঁচ আসামির ক্ষেত্রেও চার থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড চাওয়া হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতির বিভিন্ন সতর্কসংকেত দেখা গেলেও লুকে যথাযথ পদক্ষেপ নেননি। তার ভূমিকার সমালোচনা করে কৌঁসুলিরা বলেন, সতর্কসংকেত থাকা সত্ত্বেও তার মনোভাব ছিল নিষ্ক্রিয়। বৃহস্পতিবার পর্যন্ত আসামিপক্ষের সমাপনী বক্তব্য চলার কথা রয়েছে।
Publisher & Editor