বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে নিয়ে কোনো ‘সমালোচনা’ করতে নারাজ আফগান কোচ

প্রকাশিত: ০৬:০২, ২২ অক্টোবর ২০২৬ | ১৭

একসময় বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট হিসেবে পরিচিত ছিল ওয়ানডে ক্রিকেট। তবে সময়ের সঙ্গে এই সংস্করণে টাইগারদের পারফরম্যান্সে দেখা যাচ্ছে অবনতি। দেশের মাটিতে তুলনামূলক ভালো খেললেও বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ।

সবশেষ ১৬টি অ্যাওয়ে ওয়ানডের ১৪টিতেই হেরেছে দলটি। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে ত্রিদেশীয় সিরিজ থেকেও শূন্য হাতে ফিরতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

তবে বাংলাদেশের এই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস। বরং আলোচনায় এনেছেন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের প্রসঙ্গ।

বাংলাদেশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে পাইবাস বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে পারছি না। এই ব্যাপারে কোনো মন্তব্য নেই আমার। এখানে আসার আগে তারা অস্ট্রেলিয়াতে দারুণ একটি জয় পেয়েছে, ঐতিহাসিক জয় ছিল। কোচ হিসেবে বিভিন্ন ধাপে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন ধাপে বিভিন্ন স্কোয়াড নিয়ে কাজ করতে হয়। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের জয়টা তাদের তৈরি করা বেঞ্চমার্ক ছিল।’

চার মাস বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করা পাইবাসের কথায় যেন টাইগারদের প্রতি কিছুটা সহানুভূতিও ফুটে উঠেছে। দলের খারাপ সময়কে ক্রিকেটের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন তিনি। ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তুলে ধরে পাইবাস বলেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলেছি, তখনও নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। সেখান থেকেও আমরা কিছু শিক্ষা নিয়েছি। ক্রিকেট দলগুলোকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয়।’

আফগানিস্তানের বিপক্ষে টানা পাঁচ ওয়ানডেতে হারতে হয়েছে বাংলাদেশকে। আগের চারটি পরাজয়ের সময় আফগানদের দায়িত্বে ছিলেন জনাথন ট্রট। এবার দলটির প্রধান কোচ রিচার্ড পাইবাস। ফলে আগের ম্যাচগুলোর ফলাফল নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

এবারের ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে পাইবাস বলেন, ‘আগের ৪ ম্যাচ নিয়ে আমি কিছু বলতে পারব না, কারণ তখন আমি এই দলের কোচ ছিলাম না। এই ম্যাচ নিয়ে বলতে গেলে, পাওয়ারপ্লেটা মিশ্র ধরনের ছিল। কিছুটা বিশৃঙ্খল বোলিং হয়েছে আমাদের। পাশাপাশি দারুণ বোলিংও ছিল। ম্যাচটা আমরা নিজেদের হাতে রেখেছি। আবুধাবিতেও প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চাই না।’

বাংলাদেশের বিপক্ষে জয়ের পেছনে নিজেদের বোলিং ও ফিল্ডিংয়ের ভূমিকার কথাও তুলে ধরেছেন আফগান কোচ। বিশেষ করে স্পিন আক্রমণকে প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। রশিদ খানের বোলিংয়ের প্রশংসা করে পাইবাস বলেন, ‘আমাদের প্লেয়াররা খেলাটা নিয়ন্ত্রণ করতে চেয়েছে। আমাদের স্পিন আক্রমণকে সামলানো বেশ কঠিন কাজ। রশিদ একজন শিকারি বোলার। তার নিয়ন্ত্রণ দুর্দান্ত। চাপের মধ্যেও ভালো করতে পারে। এর সঙ্গে (মোহাম্মদ) ননি এবং গাজানফারও দুর্দান্ত ছিল। ফিল্ডিংয়েও ভালো করেছি আমরা। বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে হয়েছে আমাদের। আমার মনে হয় শুরুতে তারা ভালোই বল করেছিল। তবে পরে আমরা ঘুরে দাঁড়িয়ে কমপ্লিট পারফরম্যান্স দেখাতে পেরেছি।’

সব মিলিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে ব্যর্থতা নিয়ে সরাসরি সমালোচনার পথে হাঁটেননি পাইবাস। বরং নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন, স্পিনারদের কার্যকারিতা এবং ফিল্ডিংয়ের উন্নতিকেই আফগানিস্তানের জয়ের মূল শক্তি হিসেবে তুলে ধরেছেন তিনি। অন্যদিকে, বিদেশের মাটিতে বাংলাদেশের ধারাবাহিক পরাজয় ওয়ানডে ক্রিকেটে দলটির প্রস্তুতি ও কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

Mahfuzur Rahman

Publisher & Editor