দীর্ঘদিনের অভিনয়জীবনে অনেক সহশিল্পীর সঙ্গে পর্দা শেয়ার করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তাদের মধ্যে অভিনেতা বাপ্পারাজের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কও বেশ পুরনো।
এবার সেই বন্ধুত্বের স্মৃতিচারণা করে বাপ্পারাজকে নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা জানালেন তিনি।
বুধবার দুপুরে ফেসবুকে বাপ্পারাজের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন ওমর সানী। সেখানে বন্ধুর প্রশংসা করার পাশাপাশি তার দুষ্টুমি, হাসিখুশি স্বভাব ও বিনয়ী আচরণের কথাও তুলে ধরেছেন তিনি।
পোস্টে ওমর সানী লিখেছেন, ‘একজন বাপ্পারাজ, একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।
একসাথে অনেক ছবি করেছি, নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়ক রাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সাথে কাজ করবেন। কিন্তু দিনশেষে উনি বলতেন কাজটাই হচ্ছে আসল।’
বাপ্পারাজের সঙ্গে কাটানো দুষ্টুমির স্মৃতিও তুলে ধরেছেন ওমর সানী।
তিনি লেখেন, ‘এত দুষ্টামি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত তাহলে দুষ্টামির চরম ভাইরাল হতাম আমি, আমার আর মৌসুমীর একজন ভালো বন্ধু। বাপ্পারাজ ভাই আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ-অভ্যাস নাই আপনার। আপনার কাছে বরং আমরা খারাপ। আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি।
দিনশেষে বলি আপনি অনেক দুষ্টু।’
ওমর সানীর এই পোস্টে বাপ্পারাজের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের পাশাপাশি সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টিও উঠে এসেছে। বিশেষ করে বাপ্পারাজের বিনয়ী স্বভাব ও বদ-অভ্যাস না থাকার প্রশংসা করেছেন তিনি। পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যেও আগ্রহ দেখা গেছে।
Publisher & Editor