বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ!

প্রকাশিত: ০৬:৫৫, ২১ অক্টোবর ২০২৬ | ১৫

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজের নতুন প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এবার তার সঙ্গে জড়িয়েছে অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের নাম।

‘অফিস রোমান্স’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দার রসায়ন এবার বাস্তবজীবনেও প্রেমের সম্পর্কে গড়িয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
যদিও এর আগে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন জেনিফার ও ব্রেট। তবে সাম্প্রতিক কিছু ঘটনা নতুন করে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়িয়েছে।

‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে এক প্রতিভা ব্যবস্থাপকের আয়োজিত পার্টিতে একই গাড়িতে করে আসতে ও ফিরতে দেখা যায় জেনিফার ও ব্রেটকে। যদিও অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন আলাদাভাবে।

একটি সূত্রের দাবি, ৫৭ বছর বয়সী জেনিফার লোপেজ ও ৪৬ বছর বয়সী ব্রেট গোল্ডস্টেইন পার্টি ও রেস্তোরাঁয় ঘুরতে পছন্দ করেন। জেনিফারের সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে তুলনা করে সূত্রটি দাবি করেছে, ব্রেট বাইরে ঘোরাঘুরি করতে বেশি আগ্রহী।

জনসমক্ষে জেনিফারের সঙ্গে সময় কাটানোর সময় অ্যাফ্লেককে নাকি খুব একটা স্বচ্ছন্দ দেখাত না।
অবশ্য জেনিফার ও ব্রেটকে ঘিরে প্রেমের গুঞ্জন এবারই প্রথম নয়। ২০২৫ সালের মার্চে ব্রডওয়ের নাটক ‘ওহ, মেরি!’ একসঙ্গে দেখতে গিয়েছিলেন তারা। তখনো ‘অফিস রোমান্স’ সিনেমার শুটিং শুরু হয়নি।

চলতি বছরের শুরুতে অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে ব্রেটের প্রশংসা করেছিলেন জেনিফার।

একসঙ্গে সিনেমায় কাজ করার অভিজ্ঞতা থেকে ব্রেটকে ‘সেরা চুম্বনসঙ্গী’ বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, বহু বছর ধরেই জেনিফারের প্রতি মুগ্ধতার কথা প্রকাশ করে আসছেন ব্রেট। ২০১৯ সালের ডিসেম্বরে নিজের পডকাস্ট ‘ফিল্মস টু বি বারিড উইথ’-এ জেনিফারের ‘হাস্টলার্স’ সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে তার বয়সের প্রসঙ্গ তোলেন ব্রেট। তখন উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘এ কী! ৫০! তার বয়স ৫০। আমি তাকে ভালোবাসি।’

তবে এত কিছুর পরও তাদের প্রেমের গুঞ্জন নিয়ে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। ‘অফিস রোমান্স’ সিনেমার প্রচারের সময় ‘টুডে’ অনুষ্ঠানে সরাসরি এ ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন জেনিফার ও ব্রেট।

অনুষ্ঠানের সঞ্চালক সাভানা গুথরি তাদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জেনিফার বলেন, ‘আমরা প্রেম করছি না।’ ব্রেটও সম্মতি জানিয়ে বলেন, ‘ঠিক।’

জেনিফার আরো জানান, তিনি যার সঙ্গেই কাজ করেন, তাকে ঘিরেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফলে সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে আলোচনা তৈরি করলেও জেনিফার ও ব্রেটের সম্পর্কের বিষয়টি এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ।

Mahfuzur Rahman

Publisher & Editor