বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কানাডায় ‘জেলার ২’-এর প্রদর্শনী স্থগিত

প্রকাশিত: ০৬:৫৪, ২১ অক্টোবর ২০২৬ | ১৮

মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫৪০ কোটি রুপির বেশি আয় করেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। বক্স অফিসে এমন সাফল্যের মধ্যেই এবার কানাডায় সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে গেছে।

পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি জটিলতার কারণে দেশটির ইয়র্ক সিনেমাসে ছবিটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির এক সপ্তাহ না পেরোতেই এমন ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইয়র্ক সিনেমাস বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, বৈধ ‘কি ডেলিভারি মেসেজ’ (কেডিএম) না পাওয়ায় সিনেমাটির প্রদর্শনী চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে দর্শকদের উদ্দেশে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানায়, ২১ অক্টোবর থেকে ‘জেলার ২’-এর প্রদর্শনী বন্ধ থাকবে। তাদের ভাষ্য, ‘ইয়র্ক সিনেমাসের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রদর্শনী বন্ধের কারণ ব্যাখ্যা করে কর্তৃপক্ষ জানায়, সিনেমাটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সব আর্থিক দায়বদ্ধতা ও অর্থ পরিশোধ করেছে তারা। তবে উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশক শ্লোকা এন্টারটেইনমেন্টস ও প্রত্যঙ্গিরা সিনেমাসের কাছ থেকে প্রয়োজনীয় বৈধ কেডিএম পাওয়া যায়নি।

এ ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্সের অনুমোদনও প্রয়োজন ছিল।
বিবৃতিতে ইয়র্ক সিনেমাস আরো জানায়, ‘বৈধ কেডিএম ছাড়া কারিগরিভাবে সিনেমাটির প্রদর্শনী চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’

সমস্যাটি সমাধান করে প্রদর্শনী চালু রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় অনুমোদন মেলেনি বলে জানিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। এ ঘটনায় দর্শকদের অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে তারা। তবে বুধবার পর্যন্ত পরিবেশক প্রতিষ্ঠান কিংবা সান পিকচার্সের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘জেলার ২’। বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ছয় দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ২৮৯ কোটি ৫ লাখ রুপি। দেশটিতে মোট আয় ৩৩৮ কোটি ৪৫ লাখ রুপি। অন্যদিকে, বিদেশের বাজার থেকে এসেছে ২০৪ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৪২ কোটি ৪৫ লাখ রুপি।

নবরাত্রি ও দশেরার উৎসবের সময় মুক্তি পাওয়ায় সিনেমাটি বাড়তি সুবিধা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির প্রথম দিকে অন্য কোনো তামিল সিনেমার সঙ্গে বড় ধরনের প্রতিযোগিতার মুখেও পড়তে হয়নি ছবিটিকে।

রজনীকান্ত ছাড়াও ‘জেলার ২’-তে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন, মিরনা, ঋত্বিক, যোগী বাবু, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালান ও নমো নারায়ণ। অতিথি চরিত্রে দেখা গেছে মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, হৃতিক রোশন ও বিজয় সেতুপতিকে।

Mahfuzur Rahman

Publisher & Editor