বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এবার হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালা ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:৪৫, ২১ অক্টোবর ২০২৬ | ১৩

মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য দিলীপ আগারওয়ালাকে আদালতে হাজির করা হয়।

এ সময় তার পক্ষে আইনজীবী আনোয়ার কবীর বাবুলসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদসহ কয়েকজন এর বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিলীপ আগারওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি দিলীপ কুমার আগার ওয়ালা (৫৭) কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ পদপ্রার্থী। আসামি অন্যান্য আসামিদের সাথে মামলার ঘটনাস্থলে স্ব-শরীরে উপস্থিত থেকে এ ঘটনা ঘটিয়েছেন বলে তথ্য প্রমান পাওয়া গেছে। মামলার প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার, তাদের নাম ঠিকানা সংগ্রহ ও ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য আসামির ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, আব্দুল আল মনসুর রিপন, সানাউল ইসলাম টিপুসহ অনেকেই রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ ও গোলাম মুর্তজা ইবনে ইসলাম এর বিরোধিতা শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
এর আগে, গত ১৯ অক্টোবর রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬৭৮ কোটি ১৯ লাখ চোরাচালানের অভিযোগে মানি লন্ডারিং আইনে এক মামলায় দিলীপ আগারওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার এক দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেয় একই আদালত। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। একই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে কিছুটা সুস্থতা অনুভব করায় ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এর আগে, সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে দীর্ঘ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছিল সংস্থাটি।

পরবর্তী সময়ে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই হত্যা মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।

Mahfuzur Rahman

Publisher & Editor