যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সাংবাদিককে প্রশ্ন করার সময় ‘চুপ’ থাকতে বলেন। এ সময় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিককে অসুস্থ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় দ্য ইন্ডিপেনডেন্ট-এর সাংবাদিক অ্যান্ড্রু ফেইনবার্গ ইস্ট পোটোম্যাক পার্কের উন্নয়ন ও সেখানে নতুন গলফ কোর্স নির্মাণ নিয়ে প্রশ্ন শুরু করেন। প্রশ্নের শুরুতে ফেইনবার্গ বলেন, ‘গলফ কোর্স নিয়ে, আপনার তো অনেক গলফ কোর্স।’
এ সময় ট্রাম্প তাকে থামিয়ে ট্রাম্প বলেন, ‘অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন।
’ কিন্তু এরপর ফেইনবার্গ আরো কিছু বলতে গেলে ট্রাম্প বলেন, ‘চুপ, চুপ।’ এ সময় তাকে উত্তেজিত দেখাচ্ছিল।
এরপর ট্রাম্প প্রশ্ন করেন, ‘আপনার কী হয়েছে? আপনি কি অসুস্থ?’ জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমার জানা নেই, স্যার।’
পরে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ফেইনবার্গ জানান, সম্প্রতি তার নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং তা ভালোভাবেই সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমি আমার কাজ করছিলাম, আগামীকালও ফিরে আসব।’
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্প ও ফেইনবার্গের কথোপকথনের ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি ফেইনবার্গকে ‘নির্বোধ সাংবাদিক’ আখ্যা দিয়ে ওভাল অফিসে তার আচরণের জন্য ট্রাম্প তাকে কঠোরভাবে ভর্ৎসনা করেছেন বলে মন্তব্য করেন।
ভ্যান্সের পোস্টের জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমাকে অপমান করতে চাইলে অন্তত আমার অ্যাকাউন্ট ট্যাগ করার সাহস রাখুন।’
প্রসঙ্গত, দুই মেয়াদেই সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল সংঘাতপূর্ণ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রায়ই তাদের আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয়েছে।
গত বছরের নভেম্বরে এয়ার ফোর্স ওয়ানে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে ‘চুপ করো, শূকরছানা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
Publisher & Editor