ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ। বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছেলে আব্রাম খান জয়।
জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসাভরা শুভেচ্ছাবার্তাও দিয়েছে সে। ছেলের ছোট্ট এই বার্তা ঘিরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে।
অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে ছেলের শুভেচ্ছাবার্তাটি সামনে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে জয় লিখেছে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।
’ সঙ্গে জুড়ে দিয়েছে ভালোবাসার ইমোজি। ছোট্ট এই বার্তায় মায়ের প্রতি সন্তানের মমতা আর ভালোবাসার প্রকাশ পেয়েছে।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার।
নাচ শেখার সূত্র ধরেই একসময় অভিনয়জগতে পা রাখেন তিনি। ২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
তবে পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান অপু। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর এই জুটির একের পর এক সিনেমা বাণিজ্যিক সাফল্য পায়।
ধীরে ধীরে ঢালিউডের জনপ্রিয় জুটিগুলোর অন্যতম হয়ে ওঠেন শাকিব-অপু।
দীর্ঘ অভিনয়জীবনে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’-এর মতো বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দুই দশকের অভিনয়জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন এই তারকা।
তবে পর্দার ব্যস্ততা কিংবা তারকাখ্যাতির বাইরেও অপু বিশ্বাসের জীবনে বিশেষ জায়গাজুড়ে রয়েছে ছেলে আব্রাম খান জয়। জন্মদিনে ছেলের সঙ্গে কেক কাটার মুহূর্ত আর ভালোবাসাভরা শুভেচ্ছাবার্তা যেন আবারও সামনে নিয়ে এসেছে মা-ছেলের মধুর সম্পর্কের ছবি।
Publisher & Editor