সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

প্রকাশিত: ০৬:৩৪, ০৫ অক্টোবর ২০২৬ | ১৪

বক্স অফিস ইতিহাসে আবারও সর্বোচ্চ আয় করা সিনেমার আসন দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ২০১৯ সালের এই সুপারহিরো সিনেমার বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২.৯২৫ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে ২০০৯ সালের ‘অ্যাভাটার’কে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে সিনেমাটি।

‘অ্যাভাটার’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২.৯২৩ বিলিয়ন ডলার। সিনেমাটি পাঁচ দফা পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সাম্প্রতিক ‘এনকোর’ পুনর্মুক্তির পর এর আয় সামান্য ব্যবধানে ‘অ্যাভাটার’-এর চেয়ে এগিয়ে গেছে।

‘অ্যাভাটার’ প্রায় এক দশক ধরে ইতিহাসের সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড ধরে রেখেছিল। ২০১৯ সালে প্রথমবার প্রেক্ষাগৃহে মুক্তির সময় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সেই রেকর্ড ভেঙে দেয়। তবে ২০২১ সালে ‘অ্যাভাটার’ আবার প্রেক্ষাগৃহে ফিরলে ‘এন্ডগেম’ নেমে যায় দ্বিতীয় স্থানে। এবার পাঁচ বছর পর ফের প্রেক্ষাগৃহে ফিরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারহিরো দলটি আবারও শীর্ষস্থান দখল করেছে।

এই সাফল্যে ডিজনির জন্য অবশ্য দুই সিনেমার যেকোনো একটির শীর্ষে থাকা লাভজনক। ‘অ্যাভাটার’ মুক্তি দিয়েছিল ‘টুয়েন্টি’থ সেঞ্চুরি ফক্স’, যা ২০১৯ সালে প্রতিষ্ঠানটি অধিগ্রহণের মাধ্যমে এখন ডিজনির মালিকানাধীন। ফক্সের চলচ্চিত্র ব্যবসাও যুক্ত হওয়ায় সর্বোচ্চ আয় করা ১০ সিনেমার মধ্যে সাতটিই এখন ডিজনির অধীনে। তালিকায় রয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ২.৩৩ বিলিয়ন ডলার, ‘টাইটানিক’ ২.২৬ বিলিয়ন ডলার এবং ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ২.০৫ বিলিয়ন ডলার।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পুনরায় মুক্তি দেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করা। আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছিল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ১০ বছরের যাত্রায় নির্মিত ২১টি সিনেমার মহাকাব্যিক সমাপ্তি। এতে একসঙ্গে হাজির হয়েছিলেন রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত আয়রন ম্যান, ক্রিস ইভান্সের ক্যাপ্টেন আমেরিকা, স্কারলেট জোহানসনের ব্ল্যাক উইডো, টম হল্যান্ডের স্পাইডার-ম্যান, চ্যাডউইক বোসম্যানের ব্ল্যাক প্যান্থার এবং অ্যান্থনি ম্যাকির ফ্যালকনসহ প্রায় সব জনপ্রিয় কমিক চরিত্র।

মহামারির পর কিছুটা ওঠানামার মধ্য দিয়ে গেলেও এবার ‘ডুমসডে’-তে আবারও প্রায় পুরো সুপারহিরো জগতকে একত্র করছে মার্ভেল। ‘এন্ডগেম’-এর পুনর্মুক্তি বিশ্বব্যাপী ১২৬ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এই সাফল্যে উচ্ছ্বসিত প্রেক্ষাগৃহ মালিকরা ‘ডুমসডে’ নিয়েও বড় প্রত্যাশা করছেন। সিনেমাটি এ বছরের অন্যতম বড় বক্স অফিস হিট হবে বলে ধারণা করা হচ্ছে।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনায় ফিরেছেন অ্যান্থনি ও জো রুশো। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৯তম সিনেমা। দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক সাফল্যের দিক থেকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি।

এদিকে চলতি গ্রীষ্মের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ২.৫ বিলিয়ন ডলারের বেশি আয় করে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। সব মিলিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমাগুলোর সম্মিলিত আয় এখন ৩৫.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: ভ্যারাইটি

Mahfuzur Rahman

Publisher & Editor