ছবি: সংগৃহীত
বরমুডা থেকে যুক্তরাষ্ট্রে আসার পথে ছয় আরোহী নিয়ে নিখোঁজ একটি মেডিকেল ট্রান্সপোর্ট উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যানটুকেট দ্বীপের উপকূলবর্তী সমুদ্রে এই ধ্বংসাবশেষ পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ‘গালফস্ট্রিম জি-১০০’ মডেলের উড়োজাহাজটি বরমুডা থেকে ম্যাসাচুসেটসের বোস্টনে যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) রাত ১টার পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটিতে চারজন কানাডার এবং দুজন বরমুডার নাগরিক ছিলেন।
মার্কিন কোস্টগার্ড জানায়, ন্যানটুকেট উপকূলে অনুসন্ধান চালিয়ে ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। নিখোঁজ আরোহীদের খোঁজে কোস্টগার্ডের জাহাজ, হেলিকপ্টার ও বিমান যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে।
উড়োজাহাজের আন্তর্জাতিক নিবন্ধন অনুযায়ী এটি ‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস’ নামক একটি এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানির।
প্রতিষ্ঠানটির ফ্লাইট অপারেশন ডিরেক্টর ক্লারেন্স টোগেরেট জানান, উড়োজাহাজে দুজন পাইলট, দুজন চিকিৎসাকর্মী, একজন রোগী ও তার একজন স্বজন ছিলেন। পাইলট ও চিকিৎসকরা কানাডার নাগরিক এবং রোগী ও তার স্বজন বরমুডার বাসিন্দা।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, হঠাৎ করেই ২৪ হাজার ফুট উচ্চতা থেকে ১১ হাজার ফুটে নেমে আসে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাইভ এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক ও পাইলটের কথোপকথন বিশ্লেষণ করে জানা গেছে, উড়োজাহাজটিতে বৈদুতিক গোলযোগ দেখা দিয়েছিল এবং পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। সূত্র: বিবিসি
Publisher & Editor