ছবি: সংগৃহীত
চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশ থেকে আমদানিকৃত প্রায় ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমাতে সম্মত হয়েছে। এর আওতাভুক্ত প্রায় ৯০ শতাংশ পণ্যই মোস্ট-ফেভার্ড-নেশন শুল্কহারের সুবিধা পাবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।ক্যালেন্ডার অ্যাপ বাছুন
মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, গত ২০ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটনে চীন ও মার্কিন দলের মধ্যে অনুষ্ঠিত অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনার ফল হিসেবে এই সমঝোতা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিজ নিজ দেশের অভ্যন্তরীণ আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর দুই দেশ একই সঙ্গে এই শুল্ক হ্রাস কার্যকর করবে।
দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করার প্রাথমিক লক্ষ্য নিয়ে উভয় দেশ তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনা ব্যবস্থার অধীনে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য পরিষদ গঠনেও সম্মত হয়েছে।
চীনে মার্কিন কয়লা রপ্তানির ওপর শুল্কও এই ৩০ বিলিয়ন ডলারের পারস্পরিক শুল্ক-হ্রাস কাঠামোর অন্তর্ভুক্ত থাকবে। চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ২০২৭ এবং ২০২৮ সালে চীনের জন্য মার্কিন কয়লা আমদানি করা আরও সহজ হবে।
এছাড়া, দুই দেশ যৌথভাবে একটি বিনিয়োগ পরিষদ এবং একটি কৃষি বিষয়ক ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে, যার যৌথ নেতৃত্বে থাকবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ-এর কার্যালয়। এই কৃষি ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক ২০২৬ সাল শেষ হওয়ার আগেই অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানায়, উভয় পক্ষ আর্থিক সেবার ক্ষেত্রেও নীতিগতভাবে একটি সমঝোতায় পৌঁছেছে। পাশাপাশি, চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংলাপ প্রতিষ্ঠা করা হয়েছে।
এআই সংক্রান্ত পরবর্তী বৈঠকটি আগামী নভেম্বরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে, এআই-সংক্রান্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা মোকাবিলার জন্য একটি বিশেষ যোগাযোগ মাধ্যম তৈরি করতেও উভয় পক্ষ সম্মত হয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
Publisher & Editor