শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

প্রকাশিত: ০৭:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০

নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে ফ্রান্স। শুক্রবার দিবাগত রাতে উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের ডাগআউটে অভিষেক হবে বিশ্বকাপজয়ী এই কোচের।

তবে প্রথম ম্যাচের আগেই চোটের কারণে দলে এসেছে পরিবর্তন। রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক ইব্রাহিম কোনাতে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইউরো।

বুধবার অনুশীলনের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন কোনাতে। এরপর তার এমআরআই করানো হয়। ফ্রান্সের কোচিং স্টাফের এক সদস্য জানিয়েছেন, পরীক্ষায় তার ডান হাঁটুতে সামান্য মচকানোর বিষয়টি ধরা পড়েছে। সতর্কতার কারণে তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে যাবেন এই ডিফেন্ডার।

২৭ বছর বয়সি কোনাতে চলতি আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের দল থেকে ছিটকে যাওয়া তৃতীয় খেলোয়াড়। এর আগে চোটের কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন লেন্সের গোলরক্ষক রবিন রিসার এবং পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জায়েরে-এমেরে।

তবে ফ্রান্সের জন্য স্বস্তির খবর, কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে তৈরি হওয়া শঙ্কা কেটে গেছে। ফ্লুর উপসর্গের কারণে মঙ্গলবার অনুশীলনে ছিলেন না রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তবে দ্রুতই সুস্থ হয়ে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা এমবাপ্পের দিকেই তুরস্কের বিপক্ষে ম্যাচে থাকবে বাড়তি নজর। জিদানের অধীনে ফ্রান্সের নতুন অধ্যায়ের শুরুটা কেমন হয়, সেই লড়াইয়ে দলের অন্যতম বড় ভরসা থাকবেন এই তারকা ফরোয়ার্ড।

তুরস্কের কোয়াজায়েলি স্টেডিয়ামেই প্রথমবার ফ্রান্সের ডাগআউটে দাঁড়াবেন সাবেক বিশ্বকাপজয়ী জিদান। আন্তর্জাতিক বিরতিতে তুরস্কের পর বেলজিয়াম সফরে যাবে ফরাসিরা। এরপর অক্টোবরে ঘরের মাঠে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলবে তারা।

Mahfuzur Rahman

Publisher & Editor