নেইমার-পরবর্তী সময়ে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির নতুন উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেলেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। নতুন বিশ্বকাপ চক্রে সেলেসাওদের হয়ে গুরুত্বপূর্ণ এই জার্সি গায়ে মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকা।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দলটির খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে। সেখানেই রাফিনিয়ার নামের পাশে দেখা গেছে ১০ নম্বর। বিষয়টি প্রথম প্রকাশ করে ইএসপিএন।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেছিলেন নেইমার। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই নম্বরে খেলেছেন ব্রাজিলের সর্বশেষ প্রজন্মের অন্যতম বড় তারকা। এবার নতুন বিশ্বকাপ চক্রে সেই জার্সির দায়িত্ব উঠল রাফিনিয়ার কাঁধে।
তবে ১০ নম্বর জার্সি রাফিনিয়ার জন্য একেবারে অপরিচিত নয়। নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। যদিও ব্রাজিলের হয়ে অধিকাংশ ম্যাচেই ১১ নম্বর জার্সি পরে খেলেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
রাফিনিয়া ১০ নম্বর পাওয়ায় তার পুরোনো ১১ নম্বর জার্সি এবার পেয়েছেন তরুণ তারকা এস্তেভাও। ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন নিজের পরিচিত ৭ নম্বরেই। আর ৯ নম্বর জার্সির দায়িত্ব দেওয়া হয়েছে এনদ্রিককে।
নেইমারের মতো একজন কিংবদন্তির পর ১০ নম্বর জার্সি পাওয়ায় রাফিনিয়ার সামনে এখন বড় প্রত্যাশা। ঐতিহাসিক এই জার্সির মর্যাদা ধরে রেখে জাতীয় দলে নিজের নেতৃত্ব ও প্রভাব আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে।
নতুন চক্রের শুরুতে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুই দলের দ্বিতীয় ম্যাচটি হবে ২৯ সেপ্টেম্বর। এরপর আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।
Publisher & Editor