শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকেই’

প্রকাশিত: ০৭:২০, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা হবে কি না, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফক্স নিউজে প্রচারিত এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে চলতি বছরের শেষ নাগাদ ইরান যুদ্ধ শেষ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা পেজেশকিয়ান বুধবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরান ওয়াশিংটনের কাছে ‘নতজানু হবে না’। 

পেজেশকিয়ান বলেন, ‘আলোচনার মাধ্যমে যখন সমস্যার সমাধান করা সম্ভব, তখন আমাদের একে অপরকে হত্যা করার পথে যাওয়া উচিত নয়। কিন্তু ইসরায়েলের উসকানির কারণে এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

আমরা এই যুদ্ধ চালিয়ে যেতে চাই না জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটি শেষ করতে যুক্তরাষ্ট্র চাইবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’ 

সংঘাতের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলার কথা স্বীকার করেছেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। উপসাগরীয় এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা এ যুদ্ধের অন্যতম লক্ষ্য বলে জানান ট্রাম্প।

Mahfuzur Rahman

Publisher & Editor