বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রকাশিত: ০৬:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬ |

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। তার দাবি, ‘৭১-এর ঘাতকরা’ ও ‘২৪-এর পরাজিত শক্তি’ এক হয়ে গেছে। জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে এবং সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তার ভাষ্য, ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সমালোচনা করতে পারে এবং সরকারকে সহযোগিতা করতে পারে। কিন্তু জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে এবং তাদের ইন্ধনেই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। লংমার্চের নামে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত নেতাদের সতর্ক করে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। এ বিষয়ে জামায়াত নেতাদের সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Mahfuzur Rahman

Publisher & Editor