মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ক্যাটরিনাকে নিয়ে ট্রল, সমালোচকদের ‘অশিক্ষিত’ বললেন পরিণীতি

প্রকাশিত: ০৬:২৯, ২২ সেপ্টেম্বর ২০২৬ |

মা হওয়ার পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ওজন ও শারীরিক পরিবর্তন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার কড়া জবাব দিয়েছেন আরেক অভিনেত্রী পরিণীতি চোপড়া। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্বকালীন ওজন নিয়ে কটাক্ষকারীদের তীব্র সমালোচনা করে পরিণীতি বলেন, মা হওয়ার পর একজন নারীর শরীর পরিবর্তন হওয়াটা স্বাভাবিক এবং একে নিয়ে নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত বোকামি ও অশিক্ষার পরিচয়। 

আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতি জানান, এ ধরনের ট্রলিং বা নেতিবাচক মন্তব্যগুলো তিনি খুব একটা গায়ে মাখেন না, কারণ তিনি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় ব্যয় করেন না। তিনি বলেন, ‘যাদের আমি চিনিই না, তাদের এমন আজেবাজে কথায় আমার কিছু যায় আসে না। আমার কাছে আমার পরিবার, বন্ধুবান্ধব এবং নিজের জীবনই আসল।’ 

মাতৃত্বকালীন ট্রলিং প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন নারী একটি সন্তান জন্ম দিয়েছেন এবং তার শরীরে কিছু পরিবর্তন এসেছে—এটিকে কেন নেতিবাচক হিসেবে দেখা হবে? এটি তো অতিমানবিক শক্তির একটি নিদর্শন। 

যেমন জিমে গেলে পেশী বা অ্যাবস তৈরি হয়, কিংবা পা ভেঙে গেলে প্লাস্টার থাকে—সেগুলো যেমন প্রমাণ, তেমনি গর্ভধারণের পরিবর্তনগুলোও একটি সুন্দর প্রমাণ।’ 

পরিণীতি স্পষ্ট ভাষায় জানান, যারা মাতৃত্বকালীন ওজন বা শারীরিক পরিবর্তন নিয়ে উপহাস করেন, তাদের কোনো শিক্ষা, মৌলিক মানবিকতা কিংবা নিজেদের ব্যক্তিগত কোনো জীবন নেই। 

ক্যাটরিনা কাইফকে নিয়ে কেন এই সমালোচনা?

গত বছরের ০৭ নভেম্বর অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান ভিহান। সন্তান জন্মের এক বছর না পেরোতেই সম্প্রতি গণপতি উৎসবে ক্যাটরিনা প্রকাশ্যে আসতেই তার চেহারা ও শরীরের পরিবর্তন নিয়ে ট্রলের মুখে পড়তে হয় তাকে। 

বলিউডের নায়িকাদের মা হওয়ার পর এমন জনসমালোচনার শিকার হওয়া অবশ্য নতুন কিছু নয়। তবে ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে অনেক ভক্ত ও নেটিজেনরাও সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন। 

Mahfuzur Rahman

Publisher & Editor