ছবি: সংগৃহীত
স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা এবং বোরকা-নিকাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে শিগগিরই একটি প্রস্তাব সরকারে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার এমনটাই জানান তিনি।
নিজের জাতীয়তাবাদী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির তরুণ শাখার এক অনুষ্ঠানে মেলোনি জানান, স্কুল ব্যবস্থায় খাপ খাওয়াতে ‘মারাত্মক সমস্যায়’ থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করবে এই প্রস্তাব।
রোমে জোভেন্তু নাৎসিওনালে জাতীয় উৎসবে দাঁড়িয়ে দর্শকদের করতালির মধ্যে মেলোনি বলেন, ‘আমাদের কাছে, যে কেউ ইতালিতে এসে এখানে নিজের ভবিষ্যৎ গড়তে চায়, তাকে অবশ্যই আমাদের ভাষা শিখতে হবে, আমাদের সংস্কৃতি বুঝতে হবে এবং আমাদের নিয়ম মেনে চলতে হবে। এটাই তাদের স্বাগত জানানোর একমাত্র যথাযথ পথ’।
মেলোনি বিশেষভাবে বোরকা এবং নিকাবের ওপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। তবে মুসলিম নারীর পরা মাথার স্কার্ফ হিজাব নিয়ে কোনো কথা বলেননি মেলোনি। সরকারে অনুমোদন পাওয়ার পর এই প্রস্তাবকে আইনে পরিণত করতে হলে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
কট্টর ডানপন্থি রাজনৈতিক শিকড় থেকে উঠে আসা মেলোনি অভিবাসন প্রশ্নে সবসময়ই কঠোর অবস্থানে ছিলেন। তবে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন রাজনৈতিকভাবে তার অবস্থানে পরিবর্তন এসেছে। জাতীয়তাবাদী এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব থেকে তিনি এখন ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠিত রাজনীতিকদের একজন হয়ে উঠেছেন।
আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা বাড়াতেও আগ্রহী মেলোনি। এই লক্ষ্যেই একের পর এক নীতি নিয়ে আসছেন তিনি। এর মধ্যে রয়েছে ছোট ও মাঝারি আকারের গাড়ি এবং স্কুটারের ওপর অপ্রিয় সম্পত্তি করে ছাড় দেওয়ার সিদ্ধান্তও।
এই মাসের শুরুতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় ধরে টিকে থাকা অবিচ্ছিন্ন সরকার হিসেবে রেকর্ড গড়ে মেলোনির রক্ষণশীল প্রশাসন।
Publisher & Editor