সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌযানকে ধাক্কা দিল চীনা কোস্ট গার্ড

প্রকাশিত: ০৬:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭

দক্ষিণ চীন সাগরে জ্বালানি সরবরাহের মিশনে থাকা ফিলিপাইনের একটি নৌযানকে ধাক্কা দিয়েছে চীনের কোস্ট গার্ডের একটি জাহাজ। ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) জানিয়েছে, এ ঘটনায় নৌযানটির রেলিং ও ডেকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ আহত হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফিলিপাইনের মৎস্য ও জলজ সম্পদ ব্যুরোর (বিএফএআর) ‘বিআরপি দাতু মাগাত সালামাত’ নামের ওই নৌযানটি দেশটির পালাওয়ান প্রদেশের উপকূল থেকে প্রায় ৫৪ নটিক্যাল মাইল দূরে ফিলিপিনো জেলেদের মধ্যে জ্বালানি বিতরণের জন্য যাচ্ছিল। এ সময় একটি চীনা কোস্ট গার্ড জাহাজ কয়েক দফায় কৌশলীভাবে গতিপথ পরিবর্তন করে ফিলিপাইনের জাহাজটির সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে পিসিজি জানিয়েছে।

পিসিজি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘মানবিক ও জীবিকাসংক্রান্ত মিশনে থাকা বেসামরিক সরকারি নৌযানকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা’ বলে অভিযোগ করেছে। প্রকাশিত ভিডিওতে সংঘর্ষের আগে নাবিকদের ‘সংঘর্ষের জন্য প্রস্তুত হও’ বলে চিৎকার দিতে শোনা যায়।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ১৩ মিনিটে সংঘর্ষটি ঘটে।
অন্যদিকে চীনের কোস্ট গার্ড দাবি করেছে, সাবিনা শোলের কাছে তারা আইন প্রয়োগের অভিযান চালানোর সময় ফিলিপাইনের নৌযানটি বারবার সতর্কতা উপেক্ষা করে হঠাৎ গতিপথ পরিবর্তন ও গতি বাড়িয়ে তাদের জাহাজের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের দাবি, চীনা নৌযানটি পেশাদারভাবে দায়িত্ব পালন করেছে এবং সংঘর্ষের জন্য ফিলিপাইনই দায়ী।

ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লি লিপটন।

তিনি চীনা কোস্ট গার্ডের ‘ইচ্ছাকৃত ধাক্কার’ নিন্দা করেন। এর জবাবে ফিলিপাইনে চীনা দূতাবাস মার্কিন দূতাবাসের অবস্থানের সমালোচনা করে এবং সাবিনা শোলের কাছে ফিলিপাইনের ‘লঙ্ঘন ও উসকানি’র প্রতি সমর্থন দেওয়ার অভিযোগ তোলে। সাম্প্রতিক দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় দুই দেশের মধ্যে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। জুলাইয়ে ফিলিপাইন অভিযোগ করেছিল, স্কারবরো শোলের কাছে তাদের সরকারি নৌযান লক্ষ্য করে চীনা কোস্ট গার্ড জলকামান ব্যবহার করেছে। একই মাসে সেকেন্ড থমাস শোলের কাছে সংঘর্ষের সময় চীনা কোস্ট গার্ডের সদস্যরা ফিলিপাইনের এক নৌসেনাকে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ করেছিল ম্যানিলা।

Mahfuzur Rahman

Publisher & Editor