সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

টেকসই উন্নয়নে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কার অপরিহার্য : জাতিসংঘ সদরদপ্তরে ড. তিতুমীর

প্রকাশিত: ০৬:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২

উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘লিডিং এসডিজি অ্যাকশন’ শীর্ষক লিডার্স ডায়ালগে তিনি এ আহ্বান জানান। ড. তিতুমীর বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু উন্নয়ন অর্থায়ন বাড়ানোই যথেষ্ট নয়; এর পাশাপাশি এমন একটি বৈশ্বিক আর্থিক পরিবেশ তৈরি করতে হবে, যা উন্নয়নশীল দেশগুলোর দীর্ঘমেয়াদি অগ্রগতিকে সহায়তা করবে।

তিনি বলেন, “আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি হতে হবে সম্মিলিত ও ভবিষ্যৎমুখী। আমাদের এমন একটি বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তুলতে হবে, যা শুধু উন্নয়নে অর্থায়নই করবে না, বরং উন্নয়নকে টেকসই করার জন্য প্রয়োজনীয় পরিবেশও সৃষ্টি করবে।

বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে আরও কার্যকর, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন ড. তিতুমীর।

তার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—সংকট দেখা দেওয়ার পর প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে ঝুঁকি আগাম শনাক্ত ও প্রশমনে সক্ষম আর্থিক ব্যবস্থা গড়ে তোলা; আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতি ও সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকিপ্রবণ দেশগুলোর কণ্ঠস্বর আরও জোরদার করা; দীর্ঘমেয়াদি, স্বল্পব্যয়ী ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করা; জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে আন্তর্জাতিক অর্থায়নের সমন্বয় বাড়ানো; এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের ক্ষেত্রে নমনীয় সহায়তা ও অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখা।

সংলাপে তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতাও তুলে ধরেন ড. তিতুমীর। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের ‘এসডিজি ভিলেজ’ উদ্যোগের উদাহরণ দেন।

তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অগ্রাধিকারকে কেন্দ্র করে ‘এসডিজি ভিলেজ’ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকার সুযোগ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল সেবা এবং জলবায়ু সহনশীলতাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

ড. তিতুমীরের বক্তব্যে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন সংকট, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রতিনিধিত্ব এবং টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

লিডার্স ডায়ালগে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট তেরেসা রিবেরা, বেনিনের অর্থনীতি ও অর্থমন্ত্রী আরিস্তিদ মেদেনু এবং পানামার সামাজিক উন্নয়নমন্ত্রী বিয়াত্রিস কার্লেস দে আরাঙ্গো অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের শেরউইন ব্রাইস-পিস।

Mahfuzur Rahman

Publisher & Editor