সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

প্রকাশিত: ০৬:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১১

যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামরিক হামলা চালায়, তাহলে পালটা আক্রমণে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির এক মুখপাত্র এ হুঁশিয়ারি দেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা করলে ইরানের প্রতিরক্ষা ও পালটা হামলার কৌশলে বড় ধরনের পরিবর্তন আসবে। তিনি জানান, নতুন সক্ষমতাসম্পন্ন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নামানো হবে, যা দেখে পুরো বিশ্ব অবাক হবে।

তিনি আরও বলেন, আগের হামলার লক্ষ্যবস্তুগুলো এবার একই নাও থাকতে পারে। এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো কোনো হামলা হয়নি। একইসঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও আইআরজিসি প্রস্তুত বলে দাবি করেন তিনি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও সাম্প্রতিক দিনগুলোতে লড়াই কিছুটা কমে এসেছে। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরানের বিচ্ছিন্ন হামলা এখনো চলছে। চাপ সৃষ্টির জন্য এই গুরুত্বপূর্ণ জলপথে দুই পক্ষই পালটাপালটি অবরোধ বজায় রেখেছে।

সূত্র: আল আরাবিয়া

Mahfuzur Rahman

Publisher & Editor